অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বড় পরিবর্তন আসছে

নবযাত্রা প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বড় ধরনের রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যেই কয়েকজন বর্তমান উপদেষ্টাকে বিদায় জানিয়ে নতুন মুখ যুক্ত করা হবে বলে নিশ্চিত করেছে সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র।

সরকারি সূত্র জানায়, ইতোমধ্যেই কয়েকজন উপদেষ্টাকে দপ্তর পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে এবং বিশেষ সহকারীদের মধ্যেও পরিবর্তনের প্রস্তুতি চলছে। নির্বাচনের আগেই মন্ত্রণালয়গুলোর কার্যক্রমে গতি আনা, বিতর্কিতদের সরিয়ে পরিষদের ভাবমূর্তি রক্ষা করা এবং কাজের চাপ ভাগ করে নেওয়ার লক্ষ্যেই এ রদবদল হবে।

বর্তমানে ২২ জন উপদেষ্টার হাতে মোট ৪১টি মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে। তাঁদের মধ্যে অনেককে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাতে হচ্ছে। বিশেষ করে বিদ্যুৎ, জ্বালানি ও সড়কপথ থেকে শুরু করে বাণিজ্য, পর্যটনসহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব একাধিকজনের ওপর ন্যস্ত। এতে কাজের গতি বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।


এছাড়া, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজেই সামলাচ্ছেন পাঁচটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগ। প্রশাসনিক দক্ষতা বাড়াতে এসব দায়িত্বের পুনর্বণ্টন হবে বলে জানা গেছে।


সরকারি অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, এবারকার পরিবর্তনে শুধু দায়িত্ব বণ্টনই নয়, নতুন কিছু নামও যুক্ত হবে উপদেষ্টা পরিষদে। এর মধ্যে কয়েকজন বর্তমান সরকারের বাইরে থেকে আনা হতে পারে। পাশাপাশি কিছু ছোট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা ও বিশেষ সহকারীকে দেওয়া হতে পারে বড় মন্ত্রণালয়ের দায়িত্ব।

সংশ্লিষ্টরা মনে করছেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে সরকার ক্লিন ইমেজ নিয়ে কার্যক্রম চালাতে এবং স্বচ্ছভাবে দায়িত্ব হস্তান্তর নিশ্চিত করতে চাইছে। তাই এই পরিবর্তনকে “নির্বাচনকেন্দ্রিক কৌশল” হিসেবেও দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *