কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এপ্রিলে

বিনোদন ডেস্ক

শুরু হতে যাচ্ছে ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় নতুন করে উৎসবের তারিখ নির্ধারণ করেছেন আয়োজকরা। এবারের কলকাতা চলচ্চিত্র উৎসব চলবে আগামী ২৫ এপ্রিল থেকে শুরু হয়ে ১ মে পর্যন্ত, ৭ দিনব্যাপী এই অনুষ্ঠানে অংশ নেবেন দেশ-বিদেশের চলচ্চিত্র ব্যক্তিত্বরা। সীমিত পরিসরে নয়, বরং ১০০ শতাংশ দর্শক নিয়েই এবার উৎসব হবে। তবে কোভিডের কথা মাথায় রেখে সমস্ত রকমের সামাজিক বিধি-নিষেধ মেনেইে চলবে কলকাতা চলচ্চিত্র উৎসব ।

আগের ঘোষণা অনুযায়ী, সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। উদ্বোধনী সিনেমা হিসেবে দেখানো হবে তার ‘অরণ্যের দিনরাত্রি’। তালিকায় রয়েছে ‘শতরঞ্জ কে খিলাড়ি, ‘হীরক রাজার দেশে, ‘পথের পাঁচালি’র মতো একাধিক ছবি।

সত্যজিৎ রায় স্মরণ বক্তৃতা দেবেন শুভজিৎ সিকদার। আঞ্চলিক ভাষাগুলোর মধ্যে রাজবংশী ও টুলু ভাষার ছবিও দেখানো হবে। উদ্বোধনী অনুষ্ঠানের দিন আমন্ত্রিত থাকছেন অর্পণা সেন, ধৃতিমান চট্টোপাধ্যায়, রঞ্জতি মল্লিকরা। নজরুল মঞ্চেই হবে উদ্বোধনী অনুষ্ঠান।

উৎসবে ১০টি স্থানে ভিন্ন ভাষার মোট ১৬০টি ছবির ২০০ প্রদর্শনী হবে। এবারের ফোকাস কান্ট্রি ফিনল্যান্ড। সিনেমাগুলি দেখানো হবে নন্দন ১, ২, ৩, নজরুল র্তীথ ১,২, রবীন্দ্র সদন, রবীন্দ্র ওকাকুরা ভবন, চলচ্চত্রি শতবর্ষ ভবন, কনফারেন্স হল, কলকাতা ইনফর্মেশন সেন্টার ও শিশির মঞ্চে।

এবার ইন্টারন্যাশনাল কম্পিটিশন, কম্পিটিশন অন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, এশিয়ান সিলেক্ট, ন্যাশনাল কম্পিটিশন অন ডকুমেন্টারি ও ন্যাশনাল কম্পিটিশন অন শর্ট ফিকশন বিভাগে হবে প্রতিযোগিতা। আর প্রতিযোগিতার বাইরে থাকবে দুটি বিভাগ। একটি হলো সিনেমা ইন্টারন্যাশনাল, অন্যটি বেঙ্গলি প্যানোরমা।

২০২২ সালে ভারতের অন্যতম চর্চিত এই ফিল্ম ফেস্টিভ্যালের অংশ হতে ৭১টি দেশ থেকে মোট ১৬৯৮ টি আবেদন জমা পড়েছিল, সেখান থেকে বাছাই করে নেয়া হয়েছে এই ১৬১টি ছবি, ছোট ছবি ও তথ্যচিত্র।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি থেকে উৎসব শুরু হওয়ার কথা ছিল। কিন্তু উৎসবের আগে করোনা পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ার কারণে স্থগিত করে দেয়া হয়েছিল কলকাতা উৎসবের ২৭ তম আসর।

১৯৯৫ সাল থেকে চলে আসছে এই উৎসব। সেই হিসেবে উৎসবটি এবার ২৭ বছরে পা দিচ্ছে। করোনার আবহের মধ্যেই গত বছর ভার্চুয়াল উৎসবের উদ্বোধন করেন বলিউড তারকা ও পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর উৎসবে যোগ দিয়েছিল দেশ-বিদেশের ৮১টি ছবি এবং ৫০টি স্বল্পদৈর্ঘ্য ছবি। বাংলাদেশ থেকে যোগ দিয়েছিল রেজওয়ান শাহরিয়ারের ছবি ‘নোনা জলের কাব্য’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *