নবযাত্রা প্রতিবেদক
আজ চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলাসহ ফেনী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন ও কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার উপর দিয়ে হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা রয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।
এসব এলাকায় বৃষ্টি হলেও এসময় গরম কমার আভাস নেই বলেও জানায় সংস্থাটি। এদিকে, দেশের আট বিভাগে বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলেও মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকবে।
আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আজ শুক্রবার সকাল নাগাদ চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এসময় চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে ৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এসময় চট্টগ্রামে তিন ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে।
গতকাল চট্টগ্রামের তাপমাত্রা : সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনি¤œ তাপমাত্রা ছিল ২৭.০ ডিগ্রি সেলসিয়াস।
আজকের সূর্যাস্ত ও সূর্যোদয় : সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৮ মিনিটে।
জোয়ার-ভাটা: কর্ণফুলী নদীতে প্রথম জোয়ার শুরু হয় রাত ১২টা ১৯ মিনিটে এবং প্রথম ভাটা শুরু হবে আজ সকাল ৬টা ২৩ মিনিটে। দ্বিতীয় জোয়ার শুরু হবে বেলা ১২টা ২৫ মিনিটে। দ্বিতীয় ভাটা শুরু হবে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে। এসময় চট্টগ্রাম নদী বন্দরবে এক নম্বর নৌ সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।