মানব পরিবেশে পালিত জো
বাইডেনের বংশবিস্তারে খুশি
চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
চট্টগ্রাম চিড়িয়াখানায় এ নিয়ে
বাঘের সংখ্যা দাঁড়াল ১৭টি।
নিজস্ব প্রতিবেদক
এবার বাবা-মা হলেন ‘জো বাইডেন ও জয়া’। এক সাথে তিন সন্তানের বাবা-মা হলেন তাঁরা। তাদের নিয়ে বেশ ব্যস্ত রয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। নতুন অতিথির আগমনে এমনই আনন্দের জোয়ার বইছে চট্টগ্রাম চিড়িয়াখানায়।
গতকাল সন্ধ্যায় চিড়িয়াখার কর্তৃপক্ষ তথ্যটি নিশ্চিত করেন। তাঁরা জানায়, বাঘ জো বাইডেন জন্মের পর দীর্ঘ এক বছর মানুষের সাথে বড় হয়েছে। তারপর বিশেষ প্রক্রিয়ায় খাঁচায় অবস্থিত অন্যান্য বাঘ পরিবারের সাথে সোশালাইজেশনের মাধ্যমে সদস্য হিসেবে রি-ইন্ট্রোডাকশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। প্রাপ্তবয়স্ক হওয়ার পর এই প্রথমবার সে নিজের পরিবার তৈরি করলো।
চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর শাহাদাত হোসেন শুভ বলেন, শুক্রবার বাঘ জো বাইডেন ও বাঘিনী জয়ার ঘরে জন্ম নেয়া ৩ শাবক। বর্তমানে তারা তাদের মায়ের সঙ্গে আছে। ভালো আছে। তবে এখনো লিঙ্গ নির্ধারণ করা হয়নি তিন শাবকের। সপ্তাহখানেক সময় লাগবে লিঙ্গ নির্ধারণ করতে। এ নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানার খাঁচায় বাঘের সংখ্যা দাঁড়াল ১৭টি।
উল্লেখ্য- জো বাইডেন ২৮ ডিসেম্বর ২০২০ সালে জন্ম গ্রহণ করে। প্যারিস জলবায়ু পরিবর্তন চুক্তিতে স্বাক্ষর করায় আমেরিকার প্রেসিডেন্টের সম্মানার্থে বাঘটির নাম রাখা হয় জো বাইডেন। মানুষের হাতে লালনপালন হয়ে পুনরায় বাঘ পরিবারের সাথে একত্রিকরণের মাধ্যমে বংশবিস্তার করার চক্র একটি বিরল ঘটনা, যার সম্পূর্ণ করতে পেরেছে বাঘ জো বাইডেন। তার এ কৃতিত্বে চিড়িয়াখানা কর্তৃপক্ষ বেশ খুশি। এছাড়া বাঘিনী জয়ার জন্ম ২০১৮ সালের জুলাই। এর আগেও তার ঘরে সন্তান জন্ম হয়েছে।