নবযাত্রা ডেস্ক
আসন্ন জাতীয় নির্বাচনে মাঠ প্রশাসনের কোনো কর্মকর্তা যদি ব্যক্তি বা দলের প্রতি সামান্যতম পক্ষপাতিত্বও করেন, তবে তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।
বুধবার সচিবালয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সতর্কবার্তা দেন।
সিনিয়র সচিব বলেন, “এবার যদি কোনো কর্মকর্তা নির্বাচনে দায়িত্ব পালনের সময় কারো প্রতি পক্ষপাতিত্ব করেন, তবে তাকে সঙ্গে সঙ্গে প্রত্যাহার করা হবে। পাশাপাশি প্রচলিত আইনের আওতায় এনে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি জানান, মাঠ প্রশাসনে দায়িত্ব পালনকারীদের মধ্যে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) এবং অন্যান্য কর্মকর্তারা নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন। এ দায়িত্ব পালনে কোনো অবহেলা বা পক্ষপাতিত্ব বরদাস্ত করা হবে না।
মোখলেস উর রহমান আরও বলেন, “আমাদের প্রধান উপদেষ্টা ও তাঁর প্রেস সেক্রেটারি পরিষ্কারভাবে বলেছেন—নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রেও কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই।”
তিনি যোগ করেন, সিভিল সার্ভিসের অতীত অভিজ্ঞতা থেকে এবার আরও শক্ত বার্তা দেওয়া হয়েছে। তফসিল ঘোষণার পর রিটার্নিং অফিসার নির্ধারণ করা হবে এবং তাঁদের জন্য নির্দিষ্ট নির্দেশনা পাঠানো হবে। কোনো জেলা প্রশাসক (ডিসি) এর বাইরে গিয়ে কাজ করতে পারবেন না।
“সবাই দেশপ্রেমিক মানুষ। আমরা চাই, এ নির্বাচনের মাধ্যমে দেশবাসী গর্ব করতে পারে এমন একটি মডেল নির্বাচন হোক,”—বলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই সিনিয়র সচিব।