পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাণী

নবযাত্রা ডেস্ক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিম্নোক্ত বাণী দিয়েছেনঃ-

”পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ও সারা বিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমি বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।

মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মূহুর্ত। দেশের বিদ্যমান ক্রান্তিলগ্নে সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের ভাগ করে নিতে হবে। তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভুতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।

আমরা এমন এক সময় ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছি, যখন বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি জনগণের সুখ-দুঃখে সবসময় তাদের পাশে থাকেন, দেশে গণতন্ত্র ও উন্নয়নে নেতৃত্ব দিয়েছেন, তিনি বর্তমান আওয়ামী সরকারের চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় অসুস্থ অবস্থায় গৃহবন্দী আছেন। আসুন, আমরা সকলে দোয়া করি-আল্লাহ রাব্বুল আলামীন যেন দেশনেত্রীকে দ্রুত সুস্থ করে দেন এবং রোগ ও কারামুক্ত হয়ে দেশ ও জাতিকে নেতৃত্ব দিতে সক্ষম হন।

আজকে এই পবিত্র দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। পবিত্র ঈদুল ফিতরের দিনে কায়মনোবাক্যে আমি এই কামনা করি।
আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *