নবযাত্রা ডেস্ক
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘যারা ষড়যন্ত্র করছে, যারা এই দেশের মানুষকে ঠকানোর চেষ্টা করছে, যারা এ দেশের মানুষের ধর্মীয় অনুভূতিকে আঘাত করে শিরকি করার চেষ্টার করছে—এদের সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। সজাগ থাকতে হবে।’

বৃহস্পতিবার বিকালে মৌলভীবাজারে আইনপুরের খেলার মাঠের নির্বাচনী জনসভায় দেয়া বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি।
এ সময় তারেক রহমান প্রশ্ন রাখেন, ‘ঠিক বলেছি?’ জবাবে ‘হ্যাঁ’ উত্তর আসে জনসভা থেকে। তারেক রহমান বলেন, ‘আলহামদুলিল্লাহ।’

তিনি বলেন, ‘প্রিয় ভাই-বোনেরা বিএনপি বিশ্বাস করে এই যে লক্ষ জনতা, সারা বাংলাদেশের কোটি কোটি যে জনতা এরাই হচ্ছে বিএনপির রাজনীতির শক্তির মূল উৎস। মূল উৎস হচ্ছে বিএনপি বিশ্বাস করে আপনারা।’
‘জনগণ হলো বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস’ বলেন বিএনপি চেয়ারম্যান।
তারেক রহমান বলেন, ‘এখানে বহু মুরব্বি আছেন— শহীদ জিয়ার সময় দেখেছেন কীভাবে খাল খনন হয়েছে। আপনাদের এলাকায় খাল খনন হয়েছিল? আমরা সেই খাল খনন করতে চাই।’

কে কে চান খাল খনন করতে? প্রশ্ন রাখেন তারেক রহমান। এ সময় জনসভায় থাকা সবাই হাত তোলেন।
খাল খনন করলে উপকার হবে? প্রশ্ন রাখেন তারেক রহমান। ‘সবাই হাত তোলেন এবং সম্মতি জানান।’
তারেক রহমান বলেন, ‘আমরা যে ফ্যামিলি কার্ডের কথা বলেছি।’ এ সময় অনেকে স্লোগান দিতে থাকেন। তখন তারেক রহমান বলেন, ‘যারা স্লোগান দেবেন, বুঝবো অন্য কেউ তোমরা।’
তখন তারেক রহমান বলেন, ‘গুপ্ত গুপ্ত, হ্যাঁ।’

এর আগে সিলেটে নির্বাচনী জনসভা শেষে বিকাল ৩টার দিকে আইনপুরের খেলার মাঠের পৌঁছান তিনি। জনসভায় জেলার ৭টি উপজেলা থেকে বিএনপি, সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। দুপুর গড়াতেই শেরপুরের আইনপুর মাঠে লোকে লোকারণ্য হয়ে উঠে।
সকাল থেকে সমাবেশস্থলে মানুষের উপস্থিতি শুরু হয়। দুপুরের আগেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপস্থিত হতে থাকেন নেতাকর্মীরা। মৌলভীবাজার সদর, রাজনগর, কুলাউড়া, জুড়ী, বড়লেখা, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলা থেকে দলের নেতাকর্মীরা উপস্থিত হতে থাকেন।