রঙে-সুরে বৈশাখ: চট্টগ্রামজুড়ে বাঙালিয়ানার উৎসব

ডিসি হিল থেকে সিআরবি, বিশ্ববিদ্যালয় থেকে আবাসিক এলাকা, নগরজুড়ে গান, আবৃত্তি ও লোকজ মেলায় প্রাণবন্ত নববর্ষ উদযাপন

নবযাত্রা প্রতিবেদন

আলপনার রঙ, বাঙালির চিরচেনা গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় নতুন বছরকে বরণ করেছে বন্দরনগরী চট্টগ্রাম। পহেলা বৈশাখ উপলক্ষে নগরীর ঐতিহ্যবাহী স্থানগুলো ঘিরে দিনভর চলছে বর্ণিল আয়োজন, যেখানে সংস্কৃতি, ইতিহাস আর বাঙালিয়ানার এক অপূর্ব মিলনমেলা তৈরি হয়েছে।

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ডিসি হিল প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠান। ‘নববর্ষের একতান, গণতন্ত্রের পুনরুত্থান’ প্রতিপাদ্যে সাজানো এই আয়োজন ঘিরে সকাল থেকেই ভিড় জমে নানা শ্রেণি-পেশার মানুষের।

এছাড়া জেলা শিল্পকলা একাডেমিতেও অনুষ্ঠিত হচ্ছে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। নগরীর ঐতিহাসিক সিআরবি শিরীষতলায় নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে চলছে বর্ষবরণ অনুষ্ঠান, যার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে রেলওয়ে অফিসার্স ক্লাব।

অন্যদিকে, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, চট্টগ্রাম জেলা সংসদের আয়োজনে নন্দনকানন কাটাপাহাড় লেনে সকাল থেকেই শুরু হয়েছে বর্ষবরণ উৎসব। ১৯৭৩ সালে চট্টগ্রামে প্রথম নববর্ষ উদযাপনের সূচনা করা এই সংগঠনটি এবারও ঐতিহ্য ধরে রেখেছে।

আবৃত্তি ও সংগীতকে ঘিরেও রয়েছে নানা আয়োজন। বোধনের আবৃত্তি পরিষদ চট্টগ্রামের উদ্যোগে জে এম সেন হল প্রাঙ্গণে সকাল থেকে বিকেল পর্যন্ত চলছে ‘বোধন বর্ষবরণ উৎসব ১৪৩৩’। একইসঙ্গে কাজীর দেউড়িস্থ সিজেকেএস মুক্তমঞ্চে অনুষ্ঠান আয়োজন করেছে নরেন আবৃত্তি একাডেমি।

নববর্ষকে ঘিরে ভিন্নমাত্রা যোগ করেছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, চট্টগ্রামের আয়োজন। ৩১ চৈত্র রাতে বৌদ্ধ মন্দির সড়কে ‘আলপনার রঙে নববর্ষ আবাহন’ এবং পহেলা বৈশাখে চট্টগ্রাম মহিলা কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

শুধু নগরীর কেন্দ্র নয়, আবাসিক এলাকাগুলোতেও লেগেছে উৎসবের ছোঁয়া। পাঁচলাইশ আবাসিক এলাকা কল্যাণ সমিতির উদ্যোগে ‘জুলাই স্মৃতি উদ্যান’ (জাতিসংঘ পার্ক)-এ দুই দিনব্যাপী বৈশাখী মেলা ও বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

নগরের বাইরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও রয়েছে বৃহৎ আয়োজন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলার পাশাপাশি পুতুল নাচ, বলিখেলা, বৌচি ও কাবাডির মতো ঐতিহ্যবাহী খেলা অনুষ্ঠিত হচ্ছে। একইভাবে পটিয়া সরকারি কলেজ মাঠেও রয়েছে বর্ষবরণ অনুষ্ঠান।

সব মিলিয়ে, রঙ-গন্ধ-সুরের মেলবন্ধনে চট্টগ্রাম এবারও বরণ করেছে বাংলা নববর্ষ—যেখানে উৎসব মানেই ঐতিহ্য, আর ঐতিহ্য মানেই বাঙালির প্রাণের টান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *