নবযাত্রা প্রতিবেদক
যেখানে সেবা আছে সেখানে ভালোবাসা আছে, যেখানে ভালোবাসা আছে সেখানে শান্তি আছে। ত্যাগ ও সেবা শব্দ দুটির সাথে দান শব্দটি বিদ্যমান। পৃথিবীতে সকল মানুষ একই সৃষ্টিকর্তার শ্রেষ্ট জীব। পৃথিবীতে আমরা সবাই ভাইবোন। সত্যিকারের মানুষ সৃষ্ট করার জন্য ত্যাগ ও সেবা অভিযানের ন্যায় ভালো কাজ আর হতে পারে না। যারা দরিদ্র তারা সৃষ্টিকর্তার প্রতিরূপ। মানুষ-মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মিলনের জন্য গভীর ভালোবাসার প্রয়োজন। যে সেবায় ভালোবাসা নিহিত থাকে সে সেবা টেকসই হয়। যে মানুষ খাটি মুক্তমনের সে কখনো সাম্প্রদায়িক বা ধর্মান্ধ হতে পারে না। অন্যের প্রতি ত্যাগের মাধ্যমে আমরা আমাদের জীবনকে পরিপূর্ণ করতে পারি। সকল ধর্মেই বিভিন্নভাবে অন্যের জন্য ত্যাগের ব্যাপারে উৎসাহিত করা হয়েছে।
গতকাল রবিবার কারিতাস চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন কবি, প্রবন্ধিক ও সাংবাদিক আবুল মোমেন।
আলোচনা অনুষ্ঠানের শুরুতে মুলসুরের তাৎপর্যের আলোকে শুভেচ্ছা বক্তব্য রাখেন কারিতাস চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক পরিচালক রিমি সুবাস দাশ। ‘ ভালোবাসা ও সেবার বীজ বুনি শান্তিময় বিশ^ গড়ি’ এ মূলসুরের আলোকে প্রধান চার ধর্মের (ইসলাম, সনাতন, বৌদ্ধ এবং খ্রীষ্ট) চারজন আমন্ত্রিত বক্তাগণের ভাবগাম্ভীর্যপূর্ণ আলোচনা ছিল অনুষ্ঠানের মূল আকর্ষণ। আলোচনা পর্বে অংশগ্রহণ করেন রেভাঃ ফাঃ বিনয় সেবাস্টিয়ান গোমেজ, সিএসসি পাল পুরোহিত, ফাতেমা রানী কাথলিক গির্জা, বান্দরবান হযরত আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.জি.আ.) গ্রান্ড শায়েখ, রাহে ভান্ডার তরিকা সাজ্জাদানশীল, চট্টগ্রাম দরবার শরীফ; বিশ্বনাগরিক ড. ধর্মকীর্তি মহাথেরো অধ্যক্ষ, দমদমা-নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহার; ড. শিপক কৃষ্ণ দেবনাথ সহযোগী অধ্যাপক ও সাবেক সভাপতি সংস্কৃত বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তাঁরা স্বার্থপরতা ত্যাগ করে কিভাবে দয়া ও শান্তির জীবন গড়া যায় এ বিষয়ের উপর গুরুত্বারোপ করে নিজ নিজ ধর্মের মর্মবাণীসমূহ উপস্থাপনের পাশাপাশি সমাজে শান্তিময় পরিবেশে সকলে মিলেমিশে বসবাস করার ক্ষেত্রে অন্যের প্রতি দয়া ও ত্যাগ করার উপর গুরুত্বারোপ করে তাঁদের বিশ্লেষণধর্মী বক্তব্য উপস্থাপন করেন। বক্তারা বলেন বাংলাদেশসহ বিশ্বব্যাপী ক্ষুধা ও দারিদ্রতা নির্মূলে একে-অপরের প্রতি সহযোগিতা বৃদ্ধির বিকল্প নেই। বক্তারা আরো বলেন, সকল এবাদতের উর্দ্ধে মানব সেবা। মন যতক্ষণ পরিশুদ্ধ করা হয় না ততক্ষণ ধর্ম পালন করা হয় না। যা ধারন করলে সকল প্রাণীর কল্যাণ হয় তা হলো ধর্ম। অন্যান্য অতিথিবর্গের মধ্যে বক্তব্য রাখেন ইলমার প্রধান নির্বাহী পরিচালক ও নারী নেত্রী জেসমিন সুলতানা পারুসহ অন্যান্য অতিথিবর্গ। স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের এর নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী শিকদার ও উৎস এর নির্বাহী পরিচালক মোস্তফা কামাল যাত্রা, লিটন গোমেজ, সাধারন পরিষদ ও আরপিইসি সদস্য, কারিতাস চট্টগ্রাম অঞ্চল ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। এ অনুষ্ঠানের মাধ্যমে কারিতাসে দীর্ঘ সময় পর্যন্ত কর্মরত (১০, ১৫, ২০ ও ২৫) মোট ৩২ জন কর্মীকে লং সার্ভিস এওয়ার্ড প্রদান করেন প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ।
উল্লেখ্য যে, কারিতাস বাংলাদেশের ঊননব্বই প্রকল্পের মধ্যে একটি অন্যতম শিক্ষা ও সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম হলো ‘ত্যাগ ও সেবা অভিযান’। আমার প্রতিবেশীর জন্য আমি ক্ষুদ্রতম যা কিছু করি, তা সৃষ্ঠিকর্তার জন্য করি এমন মূলমন্ত্রের উপর ত্যাগ ও সেবা অভিযান প্রকল্পটি প্রতিষ্ঠিত। অসহায় ও দরিদ্র মানুষের সেবা কাজে দেশের সাধারণ জনগণকে অংশগ্রহণে অনুপ্রাণিত করার লক্ষ্য নিয়ে গত ১মার্চ ২০২২ হতে শুরু হওয়া তিন মাসব্যাপী এর কার্যক্রম চলবে আগামী ৩১মে ২০২২ পর্যন্ত। কারিতাস কর্মীদের বেতনের অংশ এবং বিভিন্ন দানশীল ব্যক্তিদের কাছ হতে সংগৃহীত অর্থ দ্বারা সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পরিচালিত হয় এ প্রকল্পটি শুরু হয় ১৯৮০ খ্রীঃ। এ প্রকল্পের মাধ্যমে সংগৃহীত অনুদানের অর্থ প্রতিবছর দুস্থ ও পীড়িত মানুষের সেবায় ব্যয় করা হয়ে থাকে।