বাঙালির প্রাণের উৎসব, পহেলা বৈশাখ, শেকড়ের টানে ফিরে দেখা

নজরুল ইসলাম ভুঁইয়া

পহেলা বৈশাখ, বাঙালির ঐতিহ্যবাহী একটি সার্বজনীন লোকউৎসব। এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় বাংলা নতুন বছরকে। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ। পুরোনোকে ফেলে বছর ঘুরে আবারও চলে এলো পহেলা বৈশাখ। পূর্ব দিগন্তে রাঙা আলো নিয়ে নতুন বছর শুরু হবে। কোলাহলমুখর শহর কিংবা শান্ত গ্রাম-বাংলা, নববর্ষের প্রথম দিনটিতে বাঙালির মন অদৃশ্য টানে ফিরে যায় নিজের শেকড়ে, জীবনে এক অন্য রকম অনুভূতি আসে। এটি কেবল নতুন ক্যালেন্ডারের সূচনা নয়, বরং পুরনোকে ঝেড়ে ফেলে নতুনভাবে শুরু করার এক প্রতীকী আহ্বান।

গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বাংলাদেশে প্রতি বছর ১৪ এপ্রিল এই উৎসব পালিত হয়। বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা দিনটি নতুনভাবে ব্যবসা শুরুর উপলক্ষ হিসেবে বরণ করে নেয়। শোভাযাত্রা, মেলা, পান্তাভাত খাওয়া, হালখাতা খোলা ইত্যাদি বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপন করা হয়। বাংলা নববর্ষ মানেই রমনার বটমূলে ছায়ানটের মঞ্চে দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠান ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা। সকাল থেকেই টিএসসি ও চারুকলা প্রাঙ্গণ উৎসবমুখর। বিভিন্ন রঙিন মুখোশ, বিশালাকৃতির পুতুল এবং নানা শিল্পমণ্ডিত সাজে অংশ নিবে হাজারও মানুষ। ইউনেস্কো এই উৎসব শোভাযাত্রাকে ‘মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য’ হিসেবে ঘোষণা করে ২০১৬ সালে। নববর্ষ শুরুর দিনটিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। প্রতিবছরের ন্যায় এবারও পয়লা বৈশাখে বর্ণিল উৎসবে মাতবে দেশ। ভোরের প্রথম আলো রাঙিয়ে দেবে নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনাকে। বাঙালির জীবনে এই দিনের তাৎপর্য বহুমাত্রিক। অতীতে কৃষিনির্ভর সমাজে নতুন বছর মানেই ছিল নতুন ফসলের প্রত্যাশা, নতুন হিসাবের সূচনা। আজ সময় এবং জীবনযাত্রা বদলেছে, কিন্তু সেই নবায়নের অনুভূতি এখনও একই রয়ে গেছে। পহেলা বৈশাখ আমাদের মনে করিয়ে দেয় জীবনে যত ব্যর্থতা, হতাশা বা ক্লান্তি থাকুক না কেন, নতুন করে শুরু করার সুযোগ আছে।

নববর্ষের অন্যতম সৌন্দর্য লুকিয়ে আছে ভোরের আলো, খোলা আকাশ, রবীন্দ্রসংগীতের সুরে। এই সব মিলিয়ে এক প্রশান্তির আবহ তৈরি হয়। মানুষের মুখে হাসি, হৃদয়ে আনন্দ, আর চারপাশে এক ধরনের নির্মল উচ্ছ্বাস। নতুন পোশাক, মেলা, নানা আয়োজন সবকিছুই যেন জীবনের একঘেয়েমিকে জয় করে নতুন রঙ ছড়িয়ে দেয়। তবে পহেলা বৈশাখের আসল শক্তি তার সামাজিক প্রভাবের মধ্যে নিহিত। এই দিনটি মানুষকে কাছাকাছি নিয়ে আসে। আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব সবাই মিলে একসাথে আনন্দ ভাগাভাগি করে, সম্পর্ক নতুন করে গড়ে ওঠে। এক দিনের এই মিলনমেলা আমাদের শিখিয়ে দেয়, একসাথে থাকার আনন্দ কতটা গভীর ও মূল্যবান।

নববর্ষ উৎসব আমাদের সাংস্কৃতিক পরিচয়কে নতুনভাবে উপলব্ধি করতে সাহায্য করে, নিজের সাংস্কৃতিক পরিচয়কে জাগ্রত করে, আমাদের মনে বাঙালির অনুভূতি সৃষ্টি করে। এই উৎসবের প্রকৃত সৌন্দর্য ধরে রাখার পাশাপাশি, নতুন প্রজন্মকে এই দিনের ইতিহাস ও তাৎপর্য সম্পর্কে জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পহেলা বৈশাখ আমাদের জীবনে এক নতুন আলোর বার্তা নিয়ে আসে। এটি আমাদের শুধু আনন্দ দেয় না, বরং নতুনভাবে ভাবতে, নতুনভাবে বাঁচতে অনুপ্রাণিত করে। তাই এই নববর্ষে আমাদের অঙ্গীকার হোক নিজের সংস্কৃতিকে ভালোবাসা, মানুষের সাথে সম্পর্ক দৃঢ় করা এবং একটি সুন্দর সমাজ গঠনে একসাথে এগিয়ে যাওয়া। পহেলা বৈশাখ তখনই সত্যিকারের অর্থবহ হয়ে উঠবে, যখন এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের প্রেরণা জোগাবে।

সবাইকে বাংলা নববর্ষের ঐতিহ্যবাহী শুভেচ্ছা বার্তা ‘শুভ নববর্ষ’ এর শুভেচ্ছা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *