ইপিজেডে তরুণ খুনের মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক


ইপিজেড আকমল আলী রোডে জনসম্মুখে ছুরিকাঘাতে মেহেদী হাসান (১৯) নামে এক তরুণকে খুনের ঘটনায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।


রবিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোছাইন এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত ভোলা সদর থানার গুপ্তমুন্সি বাড়ির মো. তছির আহম্মেদের ছেলে রমজান আলী (৩৫)।


পুলিশ এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত ৯ মে বেলা দুইটার দিকে সিইপিজেডের কন্ডা আর্টস ম্যাটেরিয়ালস নামের কারখানার শ্রমিক সাদিকুর এবং রমজানের মধ্যে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। এ সময় তারা একে অপরকে ‘দেখে নেওয়ার’ হুমকি দেয়। পরবর্তীতে একই পোশাক কারখানায় কর্মরত মেহেদী হাসান রিফাত এ বিষয়টি মীমাংসা করে দিলেও সেটি মেনে নেয়নি সাদিকুর। রিফাত রমজানের পক্ষ নিয়েছে এমন ধারণা করে কিশোর গ্যাং সদস্যদের নিয়ে একইদিন রাত পৌনে ৯টার দিকে রিফাতকে মারতে যায় সাদিকুর। এসময় আকমল আলী পকেট গেটমুখী একটি ফটোকপির দোকানের সামনে রিফাতের রিকশা থামিয়ে সাদিকের নেতৃত্বে রিফাত ও মেহেদী হাসানের ওপর হামলা চালায় কিশোর গ্যাং সদস্যরা। ওইসময় মেহেদী হাসানের বুকের মাঝখানে ছুরিকাঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ইপিজেড থানার ওসি মোহাম্মদ হোছাইন বলেন,  মেহেদী হাসান খুনের ঘটনায় তার মা রেহানা বেগম ১০ মে বাদী হয়ে সাদিকুর রহমান এবং রমজান আলীর নাম উল্লেখসহ আরও ৮ থেকে ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন। এরপর প্রথমেই সাদিকুরকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে পরবর্তীতে সন্দেহভাজন হিসেবে হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষে মামলার দ্বিতীয় আসামি রমজান আলীকেও থানা এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *