ঈদের চার দিন পরও নগরে ফিরছে মানুষ

ফিরতি যাত্রায় স্বস্তি

নবযাত্রা প্রতিবেদক

স্বজনদের সঙ্গে পবিত্র ঈদুল আজহা উৎযাপন শেষে গ্রাম থেকে নগরে ফিরছে মানুষ। এতে ধীরে ধীরে পুরনো কর্মব্যস্ততায় ফিরছে নগরী। দুদিন আগে সরকারি ছুটি শেষ হলেও গতকাল শুক্রবারও শহরের প্রবেশপথগুলোতে ভিড় দেখা গেছে। কেউ কেউ পরিবার নিয়ে শহরে ফিরলেও এখনও শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকায় গ্রামে স্ত্রী-সন্তান রেখে একাই কর্মস্থলে ফিরছেন কেউ কেউ। গতকাল নগরীর এ কে খান মোড়, অক্সিজেন মোড়, দামপাড়া বাস কাউন্টার, কর্ণফুলী সেতু এলাকা ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে। এদিন অক্সিজেন মোড়ে কথা হয় সিলেটের সুনামগঞ্জ থেকে শহরে ফেরা আব্দুল জলিলের সঙ্গে। তিনি বলেন, গত কোরবানির ঈদে বিশেষ কারণে বাড়ি যেতে পারিনি। এবার ঈদের দুদিন আগে গিয়েছিলাম। ঈদ সবার সঙ্গে সেখানেই কেটেছে। ছেলে-মেয়েরাও খুশি। বাচ্চারা আরও থাকতে চেয়েছে, কিন্তু তাদের পড়াশোনা ও আমার চাকরির কারণে ফিরতে হলো। গতকাল রাতে পরিবারের সবাইকে নিয়ে রওনা হয়েছিলাম।

ঈদের আগে গ্রামে যাওয়ার সময় কিছুটা ভোগান্তিতে পড়লেও স্বস্তিতে শহরে ফেরার কথা বলছেন যাত্রীরা। এদিন রাঙ্গামাটি এলাকার মর্জিনা বেগন বলেন, বাড়ি যাওয়ার সময় সড়কে জ্যাম ছিল, সাড়ে তিন ঘন্টার পথ পাড়ি দিতে ৬ থেকে ৭ ঘণ্টা লেগেছিল। তবে ফেরার সময় কোনো সমস্যা হয়নি। সড়কে কোনো ঝামেলা নেই, নির্দিষ্ট সময়ের মধ্যে শহরে পৌঁছে গেছি।

তবে জরুরী কারণে বাড়ি যেতে না পারা অনেককেই গ্রামে যেতে দেখা গেছে কোরবানির ঈদের পর। নগরীর দামপাড়া বাস কাউন্টারে কক্সবাজারের ঈদগাহ এলাকার বাসিন্দা নূর হেলাল বলেন, আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করি। এবার ঈদে জরুরী প্রয়োজনে নগরেই থাকতে হয়েছে। অবশ্য পরিবারের সবাই ঈদের আগেই বাড়িতে চলে গেছে। আমি এখন ছুটি পেয়ে বাড়ি যাচ্ছি।

সংশ্লিষ্টরা জানান, সোমবার  ঈদ শেষে পরদিন থেকেই মূলত ফিরতি যাত্রা শুরু হয়। তবে নগরে ফেরার যাত্রা পুরোদমে শুরু হয় গত বুধবার। বৃহস্পতিবারও নগরে ফেরেন অধিকাংশ মানুষ। এদিন  চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, রেলপথে নগরে ফেরা যাত্রীরা নির্ধারিত নিরাপত্তা কর্মীকে টিকেট দেখিয়ে স্টেশন ছাড়ছেন। ঝামেলা এড়াতে অতিরিক্ত নিরাপত্তাকর্মী কাজ করছেন স্টেশনে। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা তারেক মোহাম্মদ ইমরান বলেন, ঈদের ছুটি শেষে মঙ্গলবার থেকেই ফিরতি যাত্রা শুরু হয়েছে। এখনও সব ট্রেন যাত্রীতে পূর্ণ। ফিরতি যাত্রায় শিডিউল বিপর্যয়ের কোনো ঘটনা ঘটেনি, তাই কোনো সমস্যা হয়নি। যাত্রীরা স্বস্তিতে নগরে ফিরছেন।

চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সম্পাদক মো. শাহজাহান বলেন, ফিরতি যাত্রায় কোনো ভোগান্তি নেই। এখনও মোটামুটি শহরমুখী যাত্রীর চাপ আছে। সড়কও একদম পরিচ্ছন্ন, কোনো খানাখন্দ নেই। যাত্রীরা স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *