উদয়ন কাব্য সন্ধ্যা-২০২৫” সাহিত্য উৎসবে কবি শাহাদাত হোসেন খাঁনের সম্মাননা অর্জন

নবযাত্রা ডেস্ক

নারায়ণগঞ্জে চিটাগাংরোডের দ্য চায়না পার্ক রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো“উদয়ন কাব্য সন্ধ্যা-২০২৫”— উদয় জনকল্যাণ সংস্থার সৌজন্যে আয়োজিত এক মনোমুগ্ধকর সাহিত্য সন্ধ্যা। এই মহতী অনুষ্ঠানে কবিতা, সাহিত্য ও সংস্কৃতির এক অনন্য সংমিশ্রণ দেখা যায়।
সাহিত্য উৎসবটির অন্যতম আকর্ষণ ছিল কবি শাহাদাত হোসেন খাঁনের লেখা “ছাত্র জনতা লড়ছে” শিরোনামের কবিতা, যা উদয়ন ষষ্ঠ সংখ্যা ২০২৫-এ স্থান পায় এবং এর স্বীকৃতিস্বরূপ কবিকে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়। এটি কবি শাহাদাত হোসেন খাঁনের সাহিত্য জীবনের ছয় নম্বর এবং এক গুরুত্বপূর্ণ স্বীকৃতি, যা তাঁর সাহিত্যচর্চাকে আরও বেগবান করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব একরামুল হক সেলিম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি এম ইলিয়াস হাসান, ম্যানেজিং ডিরেক্টর, আলিফ বয়লার কোম্পানি লিমিটেড। আলোচক হিসেবে ছিলেন বাংলা টিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার কাজী সাঈদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোঃ মুজাহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ মেজবাউল হোসাইন, উপদেষ্টা মোঃ আলাউদ্দিন এবং সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার সলিমুল্লা দুলাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদয় জনকল্যাণ সংস্থার সভাপতি জনাব আলমগীর হোসেন, যাঁর হাত থেকেই কবি শাহাদাত হোসেন খাঁন পুরস্কার গ্রহণ করেন। উপস্থিত ছিলেন আরও বহু কবি, সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও কলামিস্ট।
উল্লেখ্য, কবি শাহাদাত হোসেন খাঁন তাঁর বক্তব্যে বলেন, “টেকসই জ্ঞানভিত্তিক সমাজ, উন্নত জাতি ও আলোকিত স্মার্ট বাংলাদেশ গড়তে আমরা কাজ করে যাচ্ছি। পাঠাগারের অবকাঠামোগত সমস্যাগুলো দূরীকরণে সবার সহযোগিতা কামনা করছি। বইয়ের প্রচার-প্রসারে আমরা সদা-প্রস্তুত, আমাদের স্বপ্ন—পৃথিবী হোক বইয়ের।”
তিনি আরও বলেন, “কবিতা আবৃতি ও বই পড়া মানুষকে বিনয়ী ও ভদ্র করে, বই হলো জ্ঞানের আধার, চলার পথের শ্রেষ্ঠ সাথী।”
আয়োজনে উপস্থাপনা করেন আইএফএম সেলিম ও তসলিমা আক্তার এবং সহ-উপস্থাপিকা ছিলেন রনি আক্তার।
এমন অনুপ্রেরণাদায়ক সাহিত্য আয়োজন নিঃসন্দেহে পাঠক-লেখক-সাহিত্যিকদের মধ্যে সেতুবন্ধন রচনা করবে এবং দেশের জ্ঞানভিত্তিক অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *