নবযাত্রা প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নিতে বুধবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে উপস্থিত হন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার পর তিনি হাসপাতালে পৌঁছান। তার আগমনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেএম জাহিদ হোসেন, অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, বেগম জিয়ার পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান এবং ছোট ভাই শামীম এসকান্দার তাকে স্বাগত জানান।
হাসপাতালে প্রায় আধা ঘণ্টা অবস্থানকালে চিকিৎসক দল খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অগ্রগতি এবং চলমান চিকিৎসার বিস্তারিত ব্রিফ করেন। তারা জানান, যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই ও জনস হপকিন্স, যুক্তরাজ্য এবং চীনের বিশেষজ্ঞদের পরামর্শে তার নিয়মিত চিকিৎসা চলছে।
চিকিৎসাসেবা অব্যাহত রাখতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে বলে পুনরায় আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি তিনি খালেদা জিয়ার পরিবার, দলের নেতাকর্মী ও দেশবাসীকে ধৈর্য ধারণের আহ্বান জানান।
তিনি দেশবাসীর প্রতি বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও প্রার্থনার অনুরোধও জানান।
পরিদর্শনকালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন।