গুগল ডুডলে বাংলাদেশের পতাকা

অনলাইন ডেস্ক

২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানাতে বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল তাদের হোমপেজে বিশেষ ডুডল প্রকাশ করেছে। ঐতিহাসিক দিনটিতে শুক্রবার দিবাগত রাত ১২টার পর থেকেই গুগলের ডুডলে বাংলাদেশের জাতীয় পতাকা দেখা যাচ্ছে।

গুগলের নামের উপরে লাল-সবুজে ঘেরা অ্যানিমেশন করা ডুডলটিতে বাংলাদেশের জাতীয় পতাকা উড়তে দেখা যাচ্ছে। নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘের পটভূমিতে তৈরি ডুডলটির ওপর কার্সর রাখলেই দেখা যাচ্ছে, ‘বাংলাদেশ ইনডিপেনডেন্স ডে ২০২২’।

এমনকি গুগল লেখা অক্ষরের চারপাশেও সবুজ রঙ রয়েছে। পুরোটাই সাজানো হয়েছে বাংলাদেশের লাল-সবুজ পতাকার রঙে।

দিনব্যাপী গুগলে ঢুকলেই দেখা গেছে বাংলাদেশের পতাকা সম্বলিত দৃষ্টিনন্দিত ডুডলটি। ডুডলের ওপর ক্লিক করলে বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস এবং সম্পর্কিত ওয়েবসাইটগুলো দেখাচ্ছে গুগল। পেজটিতে প্রবেশ করার পরপরই স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটারের পর্দায় দেখা যাচ্ছে আতশবাজির মাধ্যমে স্বাধীনতা দিবস উদ্‌যাপনের দৃশ্য। মনোমুগ্ধকর এ আতশবাজির মাধ্যমে লাল–সবুজের পতাকাও ফুটিয়ে তোলা হয়েছে।

অবশ্য বিশেষ কোনো দিন, বিশেষ কোনো ব্যক্তি কিংবা আবিষ্কার নিয়ে সার্চ বক্সের ওপরে নিজেদের লোগোর পরিবর্তে এর সঙ্গে সঙ্গতিপূর্ণ নকশার যে লোগো তৈরি করে গুগল, তাকেই বলা হয় ডুডল।

বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের ডুডল প্রকাশ করে গুগল। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে দৃষ্টিনন্দন ডুডল প্রকাশ করল গুগল।

গুগলের ডুডলটি শুধু বাংলাদেশ থেকেই দেখা যাচ্ছে। ২০১৩ সালে বাংলাদেশের স্বাধীনতা দিবসে প্রথমবার ডুডল প্রদর্শন করেছিল গুগল কর্তৃপক্ষ। বেশ কয়েক বছর ধরেই স্বাধীনতা দিবসসহ বাংলাদেশের বিশেষ দিনগুলোয় ডুডল প্রকাশ করছে গুগল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *