নবযাত্রা প্রতিবেদক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে দায়িত্ব পালনরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। মৃত শিক্ষকের নাম জান্নাতুল ফেরদৌস (৩১)। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।
শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে সিনেট ভবনের তৃতীয় তলায় ভোট গণনা কক্ষে প্রবেশের সময় তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে থাকা শিক্ষক ও শিক্ষার্থীরা দ্রুত তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীম রেজা জানান, আগের দিন ভোট গ্রহণ শেষে তিনি সুস্থভাবেই বাসায় ফিরেছিলেন। সকালে ফের দায়িত্ব পালনের জন্য বিশ্ববিদ্যালয়ে এসে গণনা কক্ষের সামনে হঠাৎ পড়ে গেলে আর তাকে বাঁচানো সম্ভব হয়নি।
পারিবারিক সূত্রে জানা যায়, জান্নাতুল ফেরদৌস পাবনা শহরের কাচারীপাড়া এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরেই শিক্ষা ও শিল্পচর্চার সঙ্গে যুক্ত ছিলেন। তার আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবার, সহকর্মী ও শিক্ষার্থীরা শোকাহত।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়াত শিক্ষকের প্রতি সম্মান জানাতে এক মিনিট নীরবতা পালন করা হবে এবং পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিক শোকসভা আয়োজন করবে।