দেশের প্রথম স্মার্ট মেডিয়েশন কার্যক্রম শুরু হয়েছে চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রথম স্মার্ট মেডিয়েশন কার্যক্রম শুরু হয়েছে চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড অফিসে।

গত সোমবার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সম্মেলন কক্ষে ৩য় মাসিক সভায় ‘লিগ্যাল এইড স্মার্ট মেডিয়েশন’ রুমের উদ্বোধন করে লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের চেয়ারম্যান সিনিয়র জেলা দায়রা জজ ড. আজিজ আহমদ ভূঞা।

জেলা লিগ্যাল এইড অফিসের কার্যক্রম এখন শুধু আইনি সহায়তা সেবার মধ্যে সীমাবদ্ধ নয়, বিরোধ মিমাংসার অন্যতম কেন্দ্রস্থলও। ‘বিরোধ হলে শুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপসও হয়’ এ প্রতিপাদ্যে শুরু হয়েছে স্মার্ট মেডিয়েশন রুম কার্যক্রম। এর ফলে বিচারপ্রার্থীরা এখন স্বল্প সময়ে বিনা খরচে আইনি প্রতিকার পাবে।

ড. আজিজ আহমদ ভূঞা বলেন, জেলা পরিষদের অর্থায়নে চট্টগ্রামে প্রথম স্মার্ট মেডিয়েশন রুম স্থাপন করা হয়েছে। এ রুমে এখন থেকে বাদী ও বিবাদীর অভিযোগের ভিত্তিতে একজন জজের সামনাসামনি বসে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে আইনি সহায়তা পাবেন। কারণ সব ঘটনা মামলায় না নিয়ে আলোচনার মাধ্যমে লিগ্যাল এইড প্রতিনিধির উপস্থিতিতে সমাধান করলে দুই পক্ষই অল্প সময়ে সুফল পাবেন। তবে এক্ষেত্রে যে ঘটনা মামলা পর্যন্ত যাবে তাতে অসহায় ব্যক্তিকে প্যানেল আইনজীবীদের মধ্য থেকে আইনি সহায়তার ব্যবস্থা করা হবে। এরমাধ্যমে চট্টগ্রামের লিগ্যাল এইড কার্যক্রম আরো একধাপ এগিয়ে গেছে।

এসময় জেলা লিগ্যাল এইড অফিসার এবং সিনিয়র সহকারি জজ মুহাম্মদ ইব্রাহীম খলিলের পরিচালনায় এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা জজ (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০১ চট্টগ্রাম) মুরাদ এ মাওলা সোহেল, পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, পুলিশ সুপার এস এম সফিউল্লাহ, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রবিউল আলম, জেলা পরিষদ চট্টগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির ইকবাল, সিটি কর্পোরেশনের আইন কর্মকর্তা জসিম উদ্দিন, জেলা সিভিল সার্জন প্রতিনিধি ডা. মো. নওশাদ খান, সিনিয়র জেল সুপার মো. মঞ্জুরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এডভোকেট মো. আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক।

সভায় জেলা পরিষদ এবং কৃষ্ণ পদ রায়কে স্মার্ট মেডিয়েশন রুম স্থাপনে আর্থিক সহায়তা প্রদানের জন্য সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও জেলা লিগ্যাল এইড অফিসে তিন মাসের সফল ইন্টার্ণশীপের সমাপ্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষার্থীকে সনদপত্র ও ক্রেস্ট দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *