নবযাত্রা ডেস্ক
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়সংলগ্ন মোয়াজ্জেম মসজিদে আজ বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন।
দোয়া শেষে সংক্ষিপ্ত বক্তৃতায় মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিক নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। গণতন্ত্রের জন্য বারবার নির্যাতিত এই নেত্রী আজ গুরুতর অসুস্থ—এতে পুরো জাতি উদ্বিগ্ন।’ তিনি চট্টগ্রামবাসীসহ দেশবাসীকে খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য দোয়া করতে আহ্বান জানান।
মসজিদের খতিব বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু এবং দেশের সমৃদ্ধি কামনা করেন। মাহফিলে দলীয় নেতাকর্মীর পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা যোগ দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র শামসুল আলম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, আহ্বায়ক কমিটির সদস্য গাজী মো. সিরাজ উল্লাহ, মো. কামরুল ইসলাম, বিএনপি নেতা মোহাম্মদ আলী মিঠু, আবদুল্লাহ আল হারুন, আলহাজ জাকির হোসেন, জসিম উদ্দিন জিয়া, মাঈনুদ্দীন চৌধুরী মাঈনু, শফিক আহমেদ, খোরশেদ আহমেদ, মনির ইসলাম, আবদুল্লাহ আল ছগির প্রমুখ।
মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘চট্টগ্রামসহ দেশের প্রতিটি জনপদের মানুষ খালেদা জিয়ার প্রতি গভীর ভালোবাসা পোষণ করে। এই দোয়া মাহফিল তারই প্রতিফলন। আমরা বিশ্বাস করি, আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করবেন এবং দেশনেত্রী শিগগিরই সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরে আসবেন।’