নবযাত্রা প্রতিবেদক
রাজধানীর খিলগাঁও থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মো. রুবেল হোসেনকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রাম এলাকার বাসিন্দা।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন জানান, রোববার গভীর রাতে খিলগাঁও সি-ব্লকের একটি বাসা থেকে রুবেলকে আটক করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের সময় সংঘটিত সালাউদ্দিন সুমন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তদন্ত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই খিলগাঁও দক্ষিণ বনশ্রী কাজিবাড়ী রোড এলাকায় আন্দোলনের সময় গুলিতে নিহত হন সালাউদ্দিন সুমন। এ ঘটনায় নিহতের স্ত্রী ফাতেমা আক্তার তমা বাদী হয়ে মামলা করেন। মামলায় তৎকালীন সরকারের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা, সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং স্থানীয় নেতাদের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাত আসামিদেরও অন্তর্ভুক্ত করা হয়।
পুলিশ জানিয়েছে, রুবেলকে সোমবার আদালতে হাজির করা হবে। এর আগে একই মামলায় গোপালগঞ্জ সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এস এম ফিরোজ মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছিল।
বর্তমানে রুবেল খিলগাঁও থানার হেফাজতে রয়েছেন। মামলার অগ্রগতির সঙ্গে আরও কয়েকজনের নাম তদন্তে যুক্ত হতে পারে বলে ধারণা করছে পুলিশ।