নবযাত্রা ডেস্ক
অনেকেই ভাল রেজাল্টের জন্য অথবা ভাল প্রতিষ্ঠানে ভর্তি হবার আশায় অথবা ভাল একটা চাকরি পাবার আশায় সারাক্ষণ নাকমুখ গুঁজে পড়ালেখায় ডুবে থাকে। কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখা যায়, এত পরিশ্রমের পরও ফলাফল মনমতো হচ্ছে না। অথচ পাশের বাড়ির ছেলেটা সারাদিন খেলাধুলা নিয়ে মেতে থাকার পরও পরীক্ষায় অনেক ভাল ফল করছে। এর কারণ কি শুধুই মেধার তারতম্য? কখনোই তা নয়। মহান সৃষ্টিকর্তা সবাইকেই সমান মেধা দিয়ে পাঠিয়েছেন, কিন্তু মেধার সঠিক ব্যবহারই ক্লাসের ফার্স্ট বয় আর লাস্ট বয়ের ব্যবধান তৈরী করে দেয়।
আমরা অনেকেই “স্টাডি হার্ড” অর্থাৎ “বেশি বেশি পড়লেই ফল ভাল হবে”- এমন ধারণা পোষণ করি, কিন্তু প্রকৃতপক্ষে “স্টাডি হার্ড” এর চেয়ে “স্টাডি স্মার্ট” বা “সঠিক নিয়মে পড়াশোনা” অনেক বেশি ফলপ্রসূ। Don’t just study hard, study ‘smart’
পরীক্ষার রেজাল্ট ভাল করতে দৈনন্দিন পড়াশোনা পদ্ধতিতে ছোট ছোট কিছু পরিবর্তন জাদুকরী ভূমিকা রাখে।
পড়াশোনা করার সঠিক নিয়মঃ
১। একনাগাড়ে বেশিক্ষণ পড়াশোনা নয়: বিজ্ঞানীরা বলেন, মস্তিষ্কের তথ্য ধারণ ক্ষমতা টানা ২৫-৩০ মিনিট পরিশ্রমের পর হ্রাস পেতে শুরু করে। সুতরাং, একটানা ঘন্টার পর ঘন্টা বই নিয়ে পড়ে থাকার অভ্যাস বন্ধ করতে হবে। পড়ার সময়টুকুকে ছোট ছোট ভাগে ভাগ করতে হবে। প্রত্যেকটা ভাগ শেষ হওয়ার পর পাঁচ মিনিট ব্রেক নিবে। এই সময়টুকু একদম chill! তোমার যা করতে ভাল লাগে (কিছু খাওয়া, গান শোনা, ফেসবুকে একবার ঢুঁ মেরে আসা) এই সময়টুকুতে করবে, তারপর সতেজ মনে আবার পড়াশোনা শুরু করবে।
২। মুখস্থ নয়, বুঝে পড়া: ছোটবেলা থেকে আমাদের ছড়া, কবিতা প্রভৃতি দাঁড়িকমা সহ মুখস্থ করে পরীক্ষার খাতায় লিখতে লিখতে অভ্যাস হয়ে দাঁড়ায় সবকিছু মুখস্থ করে ফেলার। এটি খুব ভুল একটি পদ্ধতি। অনেকেই আছে, যাদের কোন কিছুর সংজ্ঞা জিজ্ঞেস করলে হুবুহু বই এর সংজ্ঞা গড়গড় করে বলে দিতে পারবে, কিন্তু ব্যাখ্যা করতে বললেই নিশ্চুপ! সুতরাং কোনকিছু মুখস্থ না করে মূল টপিকটা বুঝতে চেষ্টা করো। কেননা, মুখস্থ দশবার করলে দশবার ভুলবে, কিন্তু একবার ভালভাবে বুঝে নিতে পারলে কোনদিনও ভুলার চান্স নেই!
৩। বিভিন্ন সোর্স থেকে পড়া: বুঝে বুঝে পড়ার একটি চমৎকার উপায় হচ্ছে একই টপিক বিভিন্ন সোর্স থেকে পড়া। শুধুমাত্র একটি বই থেকে পড়তে গেলে ‘অন্ধের হাতি দেখার গল্প’ এর মত হওয়ার সম্ভাবনা অনেক। সুতরাং সম্ভাব্য সবরকম সোর্স থেকে শেখার চেষ্টা করতে হবে। গ্রুপ স্টাডি করতে হবে, বিভিন্ন লেখকের বই থেকে পড়তে হবে। এছাড়াও ইন্টারনেটে একটু খুঁজলেই চমৎকার সব শিক্ষামূলক সাইট পাওয়া যায়।
৪। অন্যকে শেখানো: আইনস্টাইন বলেন, “একটা বিষয় তোমার পরিপূর্ণভাবে আয়ত্ত হবে তখনই, যখন বিষয়টি তুমি কাউকে বুঝিয়ে বলতে পারবে।” যখন একটি টপিক কাউকে বুঝাতে যাবে, তখন লক্ষ্য করবে শুধু বইপড়া জ্ঞান দিয়ে কাজ হচ্ছে না। কারন তোমার টপিকটার বিভিন্ন আঙ্গিকের উপর সার্বিক একটা ধারণা থাকতে হবে, এবং সেটা গড়ে উঠবে কাউকে শেখাতে গেলেই, টপিকটার উপর তোমার জ্ঞান অনেক গভীরে পৌঁছাবে তখন।
৫। নিবিড় মনোনিবেশ: একই সাথে একাধিক কাজ করতে গেলে কোনটিই ভালভাবে করা হয়না। তাই যখন পড়তে বসবে, বইয়ের পাতায় সম্পুর্ণ মনোযোগ থাকতে হবে। এই সময়টুকুতে মনোযোগ বিঘ্ন করার মত যা কিছু আছে, সবকিছু দূরে সরিয়ে রাখবে। অল্প সময় পড়বে, কিন্তু ১০০% মনোযোগের সাথে পড়বে।
৬। ছোট ছোট লক্ষ্য তৈরী করা: আমরা সবাই বছরের শুরুতে লক্ষ্য ঠিক করি, “এইবছর ফাটায়ে পড়াশোনা করবো!” এবং বেশিরভাগ মানুষের ক্ষেত্রে সেটা “লক্ষ্য” হয়েই থেকে যায়, কার্যকরী আদৌ হয়ে উঠেনা! তাই প্রতিদিন ছোট ছোট লক্ষ্য ঠিক করতে হবে। দীর্ঘমেয়াদী প্ল্যানে না গিয়ে একদিনের হিসেব করে প্ল্যান ঠিক কর। এবং সেটা সম্পন্ন না হওয়া পর্যন্ত হাল ছাড়া যাবে না। প্রতিদিন এরকম ছোট ছোট লক্ষ্য পূরণ করতে করতে বছরের শেষে গিয়ে দেখবে সত্যিই বছরজুড়ে অনেক বেশি পড়াশোনা হয়েছে!
৭। আনন্দ নিয়ে পড়াশোনা করা: সব সাবজেক্টেই অনেক মজার মজার গল্প, ঘটনা জড়িয়ে আছে। বাস্তব জীবনে চারপাশের উপকরণের সাথে যখন পাঠ্যবই এর টপিকগুলো মিলিয়ে গল্প তৈরী করে আনন্দ নিয়ে শিখবে, তখন দেখবে পড়ালেখার চেয়ে মজার আর কিছুই হতে পারে না!