নবযাত্রা ডেস্ক
সামাজিক যোগাযোগ মাধ্যমের ফলোয়ার, লাইক-কমেন্টস যে বাস্তব জীবনের সঙ্গে অনেক ক্ষেত্রেই অমিল তা প্রমাণ হলো ভারতের একটি নির্বাচনে। ২০২২ সালের উত্তর প্রদেশের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী করেছিল এই অর্চনা গৌতমকে।
সাবেক মিস বিকিনি ইউনিভার্স ইন্ডিয়া অর্চনা গৌতম এবার কংগ্রেসের হয়ে ভোটে লড়েছিলেন দেশটির হস্তিনাপুর কেন্দ্র থেকে। সেখানে মাত্র ১৫১৯ ভোট পেয়েছেন অর্চনা। পশ্চিম উত্তরপ্রদেশের মেরঠ জেলার ওই একই কেন্দ্রে এক লাখ সাত হাজার ৫৮৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দীনেশ। দ্বিতীয় স্থানে ছিলেন সমাজবাদী পার্টির যোগেশ ভর্মা। সমাজবাদী পার্টির প্রার্থী পেয়েছেন এক লক্ষ ২৭৫টি ভোট।
এই নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে চলছে সমালোচনা। কারণ, অর্চনা গৌতমের ব্যাপক জনপ্রিয়তা সামাজিক যোগাযোগমাধ্যমে। অর্চনা গৌতমের এক একটি ছবি অন্তত পাঁচ-ছয় হাজার মানুষ দেখেন, লাইকও করেন। শুধু ইনস্টাগ্রামেই আছে তার ৭ লাখ ৫৬ হাজার ফলোয়ার। আর ফেসবুকে তার অনুসারীর সংখ্যা সাড়ে ৮৫ লাখ। সব মিলিয়ে ৯০ লাখেরও বেশি অনুসারীর এই তারকা এত জনপ্রিয়তা নিয়েও নির্বাচনে ভরাডুবিতে হতাশ সবাই।
এর কারণ হিসেবে অবশ্য একটি সম্ভাব্য উত্তর দিয়েছেন অর্চনা নিজেই। ভোটের ফলাফল প্রকাশের পর টুইটারে অর্চনা লিখেছেন, ‘হস্তিনাপুরের মানুষ আমাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। কিন্তু বিশ্বাস করে উঠতে পারেননি।’
যদিও অর্চনাকে নিয়ে ভোটের আগেই বিতর্ক শুরু হয়েছিল। কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ হতেই অর্চনার পুরনো বিকিনি পরা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অর্চনাকে হস্তিনাপুর অবশ্য চেনে ‘বিকিনি গার্ল’ বলে। সমুদ্রতটে পরার মেয়েদের স্বল্পবাসের সঙ্গে কংগ্রেসের বিধায়ক প্রার্থীর সম্পর্ক দীর্ঘদিনের। সেই অর্চনাকে যখন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গাঁধী তাঁর দলের বিধায়ক পদপ্রার্থী হিসেবে ঘোষণা করলেন, তখন সমালোচনা কম হয়নি। ‘মিস বিকিনি বডি’ অর্চনার স্বল্পবাস ছবির পোস্টারে সয়লাপ হয়ে গিয়েছিল হস্তিনাপুর।
অর্চনা যদিও বলেছিলেন, তিনি তাঁর পেশার জগৎকে তাঁর রাজনীতির কেরিয়ারের সঙ্গে মেলাতে চান না। তিনি কংগ্রেসের টিকিটে একজন মহিলা হিসেবে লড়বেন এবং জিতে দেখাবেন। ১০ মার্চের পর তাঁর ভোট টানার ক্ষমতা বুঝে অবশ্য হাল ছাড়েননি অর্চনা। বরং টুইটারে লিখেছেন, ‘বাচ্চারা যখন কোল থেকে পড়ে যায়, তখনই হাঁটতে শেখে। যাঁরা আমার উপর ভরসা রেখেছেন, তাঁদের ধন্যবাদ। খুব শিগগিরিই আমি আপনাদের বিশ্বাস অর্জন করে দেখাব।’
উল্লেখ্য, ২০১৮ সালে ‘মিস বিকিনি ইউনিভার্স’ প্রতিযোগিতায় সেরার খেতাব পেয়েছিলেন অর্চনা গৌতম। সেই সুবাদে বলিউডের বেশ কিছু ছবিতে অভিনয়ের সুযোগ পান তিনি। এমনকি এখনো ছবিতে অভিনয় করেন অর্চনা গৌতম।
সূত্র : হিন্দুস্তান টাইমস ও আনন্দবাজার পত্রিকা।