ফের বেড়েছে পেঁয়াজ-আলুর দাম

ডিসেম্বর পর্যন্ত উঠানামা করবে
পেঁয়াজ-আলুর দাম।

নিজস্ব প্রতিবেদক


দেশের বাজারে ফের বেড়েছে পেঁয়াজ- আলুর দাম। তিন দিনের ব্যবধানে খুচরা বাজারে প্রতিকেজি পেঁয়াজের দাম বেড়েছে ২০-৩০ টাকা এবং আলুর দাম বেড়েছে ৮-১০ টাকা পর্যন্ত।


একই চিত্র দেখা যায় চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জে। এ বাজারে পাইকারি দামে প্রতি কেজি পেঁয়াজে দাম বেড়েছে ১০-১৫ টাকা। মন্সিগঞ্জের আলু এবং ভারতের আমদানি করা আলুতেও দাম বেড়েছে ৪- ৫ টাকা।


চাক্তাই-খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলছেন, ডলার সংকটের কারণে বাংলাদেশ ব্যাংক আবারো এলসি দিচ্ছে না। এলসি জটিলতার কারণে পেঁয়াজ-আলুর আমাদনি কমে গেছে। কিন্তু যা আমদানি হচ্ছে তার পরিবহণ খরচ অনেক বেশি। এছাড়া যে পরিমাণ আমদানি হচ্ছে তা চাহিদার তুলনায় কম। এ কারণে দাম বেড়েছে আলু পেঁয়াজের।
গতকাল সোমবার চাক্তাই-খাতুনগঞ্জে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০-৯৫ টাকায়। যা দু’দিন আগে ছিল ৮০ টাকা। মুন্সিগঞ্জের আলু ৪০ টাকা থেকে বেড়ে ৪৪ টাকায় এবং ভারতের আলু ৩৪ থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৩৮-৪০ টাকায়।


বাংলাদেশ দোকান মালিক সমিতি বাকলিয়া শাখার সভাপতি এবং চাক্তাই শিল্প ব্যবসায়ী সমিতির সহসাধারণ সম্পাদক মো. আহসান খালেদ বলেন, এলসি খুলতে না পারায় আমদানি কম হচ্ছে। একারণে দাম বেড়েছে। দেশী পেঁয়াজ- আলু না আসা পর্যন্ত এ দুই পণ্যের বাজার উঠানামা করবে। তবে ডিসেম্বরের শেষ দিক থেকে দাম কমতে পারে।  


এদিকে গতকাল নগরীর বিভিন্ন খুচরা বাজারে প্রতিকেজি পেঁয়াজ (মানভেদে) বিক্রি হচ্ছে ১১০-১৩০ টাকায়। আলু বিক্রি হচ্ছে ৫৫-৫৮ টাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *