নবযাত্রা প্রতিবেদক
পার্বত্য চট্টগ্রামে বন ধ্বংসকারী কাসাভা চাষ বন্ধের দাবিতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে পরিবেশবাদী সংগঠন পিঠাছড়া বন ও বন্যপ্রাণী সংরক্ষণ একটি মানববন্ধনের আয়োজন করে।
গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন করা হয়। মানববন্ধন কর্মসূচি একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা), গ্রিন ফিঙ্গার, ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিস এবং নদী রক্ষা আন্দোলন। এসময় এশীয়া উন্নয়ন ব্যাংককে কাসাভা চাষে অর্থায়ন থেকে বিরত থাকার আহ্বান জানায়। যা পার্বত্য অঞ্চলের বাস্তুুতন্ত্র এবং জীববৈচিত্র্যকে হুমকির মুখে ফেলছে।
মানববন্ধনে বক্তারা বলেন, এমনিতেই জলবায়ু পরিবর্তনের কারণে হুমকিতে আছে বাংলাদেশ। তার উপর কাসাভা চাষ করে বন উজাড় করায় আরো হুমকিতে পড়ছে পরিবেশ।
পিট্টাছড়া বন ও বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগের প্রতিষ্ঠাতা মাফুজ আহমেদ রাসেল বলেন, বাংলাদেশের কিছু ব্যবসায়ীক প্রতিষ্ঠান পার্বত্য অঞ্চলে কাসাভা চাষের জন্য দায়ী। ‘স্থানীয় প্রভাবশালীদের সাথে যোগসাজশে কোম্পানিগুলো গত দুই বছরে মাটিরাঙ্গা এলাকায় ১২শ’ একরের বেশি বন ধ্বংস করেছে এবং জীববৈচিত্র্য ধ্বংস করেছে। একটি দাতা সংস্থা সম্প্রতি আরো একটি প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে পার্বত্য অঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণে একটি প্রকল্প হাতে নিয়েছে। যারা কাসাভা চাষের মাধ্যমে বন ধ্বংসের জন্য দায়ী। পরিবেশ বিধ্বংসী এই কাসাভা চাষ যদি বন্ধ করা না যায়, তবে মাটির ক্ষয় এই অঞ্চলের সমস্ত ঝিরি-ঝর্ণা, খাল এবং নদী ধ্বংস করে দেবে। যা পার্বত্য অঞ্চলকে আদিবাসীদের জন্য বসবাসের অযোগ্য করে তুলবে। জীববৈচিত্র্য রক্ষায় কাসাভা চাষ বন্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
মাফুজ আহমেদ রাসেলের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বেলার চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী মুনিরা পারভিন রুবা, গ্রিন ফিঙ্গারস-এর সমন্বয়ক আবু সুফিয়ান, নদী সংরক্ষণ আন্দোলনের সভাপতি মোহাম্মদ জাফর, পরিবেশকর্মী ড. মনজুরুল করিম বিপ্লব, এবং ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের চট্টগ্রাম চ্যাপ্টারের সমন্বয়ক সিদরাতুল মুনতাহা।-