বর্ণিল আয়োজনে চট্টগ্রামে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন 

যোগ ব্যায়াম ভারত- বাংলাদেশের যৌথ সাংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ-  ডা. রাজীব রঞ্জন

নবযাত্রা প্রতিবেদক

যোগ ব্যায়াম ভারত ও বাংলাদেশের যৌথ সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। এটি দুই দেশের মধ্যে শক্তিশালী সাংস্কৃতিক ও জনগণের মধ্যে সম্পর্কের একটি ঐক্যবদ্ধ শক্তিও বলা চলে।

গতকাল শুক্রবার বিকেলে নগরীর টাইগারপাস নেভি কনভেনশন হলে ১০তম আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, যোগব্যায়াম বিশ্বের কাছে ভারতের একটি উপহার। এটি এখন সবাই গ্রহণ করছেন এবং একটি সাধারণ ঐতিহ্যে পরিণত হয়েছে। যোগের অনুশীলনের তিনটি স্তম্ভ আসন (শরীরের ভঙ্গি), প্রাণায়াম (শ্বাসের ব্যায়াম) এবং ধ্যান যোগের মাধ্যমে মন এবং শরীরকে একীভূত করে আধুনিক সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এবং এর জনপ্রিয়তা দ্রুত বাড়ছে।

তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, একটি শান্ত, সৃজনশীল এবং তৃপ্তিপূর্ণ জীবন যাপন করার উপায় হলো যোগ। এটি উত্তেজনা এবং মানসিক উদ্বেগ পরাস্ত করার পথ দেখাতে পারে। 

যোগ দিবসে কোয়ান্টাম ফাউন্ডেশনের নেতৃত্বে যোগ অনুশীলন করা হয়। ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন কোয়ান্টাম ফাউন্ডেশন এবং এই জাতীয় সব সংস্থাকে বাংলাদেশে সুস্থ জীবনের উপায় হিসাবে যোগকে প্রচার করার জন্য এবং যোগের মাধ্যমে বিশ্ব শান্তি, সম্প্রীতি, প্রেম এবং আধ্যাত্মিকতার বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে সাড়া দিয়ে, ১১ ডিসেম্বর ২০১৪ জাতিসংঘের সাধারণ পরিষদ ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করে। সেই থেকে, যোগব্যায়াম এবং স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন কার্যক্রম এবং কর্মসূচির মাধ্যমে বিশ্বজুড়ে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়।

চট্টগ্রামে বর্ণিল আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত ১০তম আন্তর্জাতিক যোগ দিবনে নানা বয়সী আটশ’ মানুষ অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  এডভোকেট রানা দাশগুপ্ত, জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.) এমদাদুল ইসলাম, সমাজসেবক রফিক আহমদ, চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া, চসিক কাউন্সিলর জহর লাল হাজারী, নিছার উদ্দিন মঞ্জু, রুমকি সেন গুপ্ত, শিপার্স কাউন্সিলের লোকপ্রিয় বড়ুয়াসহ অন্যান্যরা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *