নবযাত্রা প্রতিবেদক
সরকারবিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলার অংশ হিসেবে ২০ দলীয় জোটের শরিক জাতীয় পার্টির (কাজী জাফর) সঙ্গে সংলাপ করেছে বিএনপি। গত বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংলাপ হয়।
সংলাপ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান সরকার গণতন্ত্র হত্যা, বাকস্বাধীনতা হরণ, অর্থনীতি ও সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংসে ভয়াবহ কর্মসূচি নিয়েছে। এসবের বিরুদ্ধে কার্যকরী আন্দোলন গড়ে তোলার জন্য প্রায় সব রাজনৈতিক দলের সঙ্গে আমরা কথা বলছি। জাতীয় পার্টির নেতাদের সঙ্গেও ফলপ্রসূ আলোচনা হয়েছে। খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানসহ প্রায় ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার, সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর, নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠন ও সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচনের দাবি আদায়ের বিষয়ে আমাদের সঙ্গে তাঁরা একমত হয়েছেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে ব্যাপক ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার করণীয় নিয়ে সংলাপে আলোচনা হয়েছে। আমরা ঐকমত্যে পৌঁছাতে সক্ষম হয়েছি। সবার একটিই দাবি, এই সরকারের পদত্যাগ। এর বাইরে আর কোনো দাবি উত্থাপনের সুযোগ নেই। আমাদের পক্ষ থেকে এ বিষয়ে সম্ভব সবই করা হবে। এরপর বর্তমান সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দাবিতে সরকারবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা আমরা চালিয়ে যাব।
সংলাপে বিএনপি মহাসচিব ছাড়াও ২০ দলীয় জোটের সমন্বয়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। জাতীয় পার্টির চেয়ারম্যানের নেতৃত্বে দলটির মহাসচিব আহসান হাবীব লিঙ্কন, প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস খানসহ ৯ সদস্য অংশ নেন।