নবযাত্রা প্রতিবেদন
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনা ঘটে। ২৬ একরের বিএম ডিপোতে প্রায় ৪ হাজার ৩০০ কন্টেইনার ছিল। এর মধ্যে ৩ হাজার কন্টেইনার ছিল খালি। বিএম ডিপোর ম্যানেজার নাজমুল আকতার খান এ তথ্য নিশ্চিত করেছেন।
নাজমুল আকতার বলেন, এসব কন্টেইনারের মধ্যে ৪৫০টি আমদানি এবং ৮০০-এর মতো রপ্তানি কন্টেইনার ছিল। মূলত পোশাক ও খাদ্যপণ্য রপ্তানির জন্য ছিল এসব কন্টেইনার। পোশাকের কন্টেইনারে আগুন লাগলেও তা ছড়িয়ে যেতে পারে। সেটাই হয়েছে।
ডিপোর ম্যানেজার জানান, রাসায়নিক পণ্যের কন্টেইনার আলাদা রাখা হয়। তবে কত রাসায়নিক কন্টেইনার ছিল তা জানা নেই।নাজমুল আকতার বলেন, সরকারের কাছে আহ্বান জানাই, পুরো তদন্ত হোক, তাহলে কী হয়েছে তা জানা যাবে।
এর আগে শনিবার (৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাশেম জুট মিল গেট এলাকায় অবস্থিত বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে যান। ওই সময়ই সেখানে বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে ফায়ার সার্ভিসের আরও অনেকগুলো ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে কন্টেইনার ডিপোর আশপাশের তিন থেকে চার কিলোমিটার এলাকায় ব্যাপক কম্পনের সৃষ্টি হয়। মসজিদ ও আশপাশের শতাধিক ঘরবাড়ির জানালার কাচ ভেঙে পড়ে। আশপাশে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে। কন্টেইনারে রাসায়নিক দ্রব্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ ও র্যাব সদস্যরাও উদ্ধার অভিযানে কাজ করছেন