নবযাত্রা প্রতিবেদক
মে মাস মানেই ঘূর্ণিঝড়। গত এক যুগে ঘূর্ণিঝড়গুলোর বেশির ভাগই আঘাত হেনেছে এই মাসে। এবারও আবহাওয়ার দীর্ঘতম পূর্বাভাষে আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা ও বেসরকারি আবহাওয়া সংস্থাগুলো জানিয়েছে, আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। সেই ঘূর্ণিঝড় ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশ অথবা বাংলাদেশ উপকূলে আঘাত হানার প্রবল আশঙ্কা রয়েছে। তবে আরও কিছুদিন না গেলে এই ঝড়ের ব্যাপারে নির্দিষ্ট পূর্বাভাষ দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে সংস্থাগুলো।
আবহাওয়াবিদরা বলছেন, মে মাসের দ্বিতীয় সপ্তাহে বিষুব রেখার কাছে আন্দামান সাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত। তা শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। বঙ্গোপসাগরে তার উপযুক্ত পরিবেশ রয়েছে। তা ক্রমে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ ও ওড়িশা উপকূলেও তা আছড়ে পড়তে পারে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি তৈরি হলে তার নাম হবে ‘মোচা’। নামটি দিয়েছে ইয়েমেন।
এদিকে, গত দু’দিন ধরে প্রচ- গরমে অতিষ্ঠ নগরবাসি। গতকাল একদিনে চট্টগ্রামে আরো এক ডিগ্রি বেড়ে ৩৬ ডিগ্রি হয়েছে তাপমাত্রা। গরমের মাত্রা কখনও কমছে তো আবার বাড়ছে।
চট্টগ্রাম আবহাওয়া অফিস জানায়, আজ চট্টগ্রামের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে যা আজও অব্যাহত থাকতে পারে। এছাড়া রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজকে বাতাসের দিক ও গতিবেগ: পশ্চিম/ উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১২-১৮ কি. মি বেগে প্রবাহিত হতে পারে।
গতকাল চট্টগ্রামের তাপমাত্রা: গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনি¤œ তাপমাত্রা ছিল ২৬.০ ডিগ্রি সেলসিয়াস।
আজকের সূর্যাস্ত ও আগামীকালের সূর্যোদয়: সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৮ মিনিট এবং আগামীকাল সূর্যোদয় হবে সকাল ৫টা ২৪ মিনিটে।
জোয়ার-ভাটা : কর্ণফুলী নদীতে প্রথম ভাটা শুরু হয় ভোর রাত ৫টা ২৪মিনিটে এবং প্রথম জোয়ার শুরু হবে আজ সকাল ১১টা ২৩ মিনিটে। দ্বিতীয় ভাটা শুরু হবে বিকেল ৫টা ৪৫ মিনিটে।