নবযাত্রা প্রতিবেদন
বিএনপির কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় রিমান্ড শেষে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জশিতা ইসলাম আসামির জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।
এর আগে বিভিন্ন দফায় রিমান্ড শেষে এদিন তাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপ-পরিদর্শক (এসআই) কফিল উদ্দিন তাকে কারাগারে আটক রাখার আবেদন জানান। অপরদিকে, আসামির পক্ষে আইনজীবী এডভোকেট মোরশেদ হোসেন শাহীন ও নজরুল ইসলাম পাখি জামিনের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার নথি অনুযায়ী, গত ২৫ মার্চ মধ্যরাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর মিরপুর এলাকা থেকে শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করে। পরদিন তাকে দেলোয়ার হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। এরপর ধারাবাহিকভাবে ৩১ মার্চ ছয় দিন, ৬ এপ্রিল তিন দিন, ৯ এপ্রিল মকবুল হত্যা মামলায় তিন দিন এবং সর্বশেষ এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় সংঘর্ষ ও গুলির ঘটনায় বিএনপির কর্মী মকবুল হোসেন নিহত হন।
পরবর্তীতে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান নামে এক ব্যক্তি বাদী হয়ে পল্টন মডেল থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।