নবযাত্রা অনলাইন
রাশিয়ার সীমান্তের কাছে ন্যাটোর বৃহত্তম সামরিক মহড়া শুরু হয়েছে। রাশিয়ার সীমান্ত থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে এস্তোনিয়ায় বড় আকারের সামরিক মহড়া শুরু করেছে সামরিক জোটটি। এই মহড়ায় ন্যাটোর সদস্য এবং সহযোগীসহ মোট ১৪টি দেশের অন্তত ১৫ হাজার সেনা অংশ নেবেন বলে জানানো হয়েছে। বাল্টিক দেশগুলোর ইতিহাসে এটি অন্যমত বৃহত্তম মহড়া।
গত সোমবার ‘হেজহগ ২০২০’ নামের এই মহড়া শুরু হয়। রাশিয়ার সংবাদমাধ্যম আরটি এই খবর প্রকাশ করেছে।
ন্যাটো এক বিবৃতিতে জানায়, এ মহড়ায় মার্কিন নৌবাহিনীর ওয়াস্প-ক্লাস ল্যান্ডিং শিপ ‘কিয়ারসার্জ’-কেও অংশ নিতে দেখা যাবে।
তবে রাশিয়ার সীমান্তের ৬০ কিলোমিটার দূরে শুরু হওয়া এ মহড়ার সঙ্গে ইউক্রেনে চালানো মস্কোর সামরিক অভিযানের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছে ন্যাটো এবং এস্তোনিয়ার প্রতিরক্ষা বাহিনীর মেজর জেনারেল ভেইকো-ভেল্লো পাম।
ফিনল্যান্ডের রাষ্ট্রীয় টেলিভিশন ইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ মহড়ায় অংশ নেওয়া সেনাদের মধ্যে ফিনল্যান্ড, সুইডেন, জর্জিয়া এবং ইউক্রেনের সেনা রয়েছেন। সামরিক বাহিনীর সব শাখা এ মহড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
এদিকে এই সামরিক মহড়াটি এমন এক সময়ে শুরু হলো যখন নর্ডিক দেশ ফিনল্যান্ড এবং সুইডেন ন্যাটোর সদস্য হওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে এবং সদস্যপদ পেতে আনুষ্ঠানিক আবেদন করার ঘোষণা দিয়েছে। তবে পশ্চিমা কর্তৃপক্ষ বলছে, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার আগেই এ মহড়ার পরিকল্পনা করা হয়েছিল।
সূত্র: বিবিসি।