নবযাত্রা প্রতিবেদক
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২ যাত্রী থেকে ৮ লাখ ৮০ হাজার শলাকা সিগারেট ও ৩০০ পিস ড্রাই টোবাকো জব্দ করা হয়েছে।
গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস টিম সিগারেটগুলো জব্দ করে। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার মোহাম্মদ সালাহউদ্দিন রিজভি বলেন, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এয়ার এরাবিয়ায় শারজাহ থেকে আসা ফ্লাইট (জি ৯৫২২) অবতরণ করে। এসময় দুই যাত্রীর লাগেজ স্ক্যানিংয়ের সময় সিগারেট ও কালো বর্ণের তরল পদার্থ থাকার বিষয়টি ধরা পড়ে। সন্দেহজনকদের ব্যাগেজ চেক করে ৪৪০ কার্টন ইজি ব্র্যান্ড ও ৩০০ পিস ড্রাই টোবাকো (পারফিউম সল্ট নিকোটিন) পাওয়া যায়।
তিনি বলেন, মো. তৈয়বের ব্যাগেজ থেকে ২৪০ কার্টন ইজি ব্র্যান্ড ও ৪০ পিস ড্রাই টোবাকো ও মো. হারুনুর রশীদের ব্যাগেজ থেকে ২০০ কার্টন ইজি ব্র্যান্ড ও ২৫০ পিস ড্রাই টোবাকো পাওয়া যায়।
শর্তসাপেক্ষে আমদানিযোগ্য উচ্চ শুল্কের এসব পণ্য বেআইনিভাবে বহন করে ১৩ লাখ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা হয়েছিল। শুল্ক আইন ১৯৬৯ এবং প্রচলিত আইন ও বিধি অনুযায়ী আটক পণ্য রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।