কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে ভয়াবহ আগুন

আন্তর্জাতিক ডেস্ক

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার পর জ্বালানি স্টোরেজ ট্যাংকে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে।
বুধবার কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। প্রাথমিক খবর অনুযায়ী, এই ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ আল রাজি জানান, হামলাটি সরাসরি বিমানবন্দরের জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান কুয়েত এভিয়েশন ফুয়েল কোম্পানির স্টোরেজ ট্যাংক লক্ষ্য করে চালানো হয়েছে। ড্রোন আঘাত হানার পরপরই সেখানে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে।
জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত বড় ধরনের কোনো হতাহত না হলেও জ্বালানি অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এই হামলার জন্য সরাসরি ইরান এবং তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করেছেন আবদুল্লাহ আল রাজি।

তিনি একে কুয়েত বিমানবন্দরের ওপর একটি ‘নির্লজ্জ হামলা’ হিসেবে অভিহিত করেছেন। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে কুয়েতের আকাশসীমা বন্ধ থাকলেও বিমানবন্দরটি বারবার হামলার লক্ষ্যবস্তু হচ্ছে।

কুয়েত ছাড়তে সৌদি আরবের বিশেষ বাস সার্ভিস:

কুয়েত বিমানবন্দরের অচলাবস্থা এবং উদ্ভূত পরিস্থিতিতে দেশ ছাড়তে ইচ্ছুক মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়েছে সৌদি আরব।
কুয়েত নিউজ এজেন্সির তথ্যমতে, কুয়েত থেকে যাত্রীদের সরাসরি সৌদি আরবের দুটি বিমানবন্দরে পৌঁছে দিতে দুটি নতুন বাস রুট চালু করা হয়েছে।

এখন থেকে কুয়েত ত্যাগে ইচ্ছুক ব্যক্তিরা সড়কপথে সৌদি আরবের দাম্মাম শহরের কিং ফাহাদ বিমানবন্দর অথবা কায়সুমাহ বিমানবন্দরে যাতায়াত করতে পারবেন।

ইরাকি সশস্ত্র গোষ্ঠীর হুঁশিয়ারি
এদিকে, কুয়েতের ভূমি ব্যবহার করে ইরানে কোনো ধরনের স্থল অভিযানের বিষয়ে যুক্তরাষ্ট্রক কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরাক-ভিত্তিক তেহরানপন্থি সশস্ত্র গোষ্ঠী কাতায়িব সাইয়িদ আল-শুহাদা।
গোষ্ঠীটির কমান্ডার আবু আলা আল ওয়ালাই সোশ্যাল মিডিয়া প্ন্যাটফর্ম এক্সে এক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্র যদি কুয়েতকে ব্যবহার করে ইরানে হামলা চালায়, তবে একে আঞ্চলিক নিরাপত্তা সীমানা লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে। এর জবাবে ‘প্রতিরোধ অক্ষ’ পাল্টা ব্যবস্থা নেবে এবং সংঘাত ‘সীমিত লড়াই’ থেকে ‘সর্বাত্মক যুদ্ধে’ রূপ নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *