চবিতে ভুয়া পরিচয়ে প্রবেশের চেষ্টা, কিশোর আটক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভুয়া পরিচয়ে প্রবেশের চেষ্টা করার অভিযোগে এক কিশোরকে আটক করেছে নিরাপত্তা কর্মীরা। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে হস্তান্তর করা হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে দায়িত্ব পালনরত নিরাপত্তাকর্মীরা তাকে আটক করেন। আটক কিশোরের নাম মো. উমর ফারুক (১৭)। তিনি পাশ্ববর্তী জোবরা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
নিরাপত্তা সূত্রে জানা যায়, মোটরসাইকেল নিয়ে ক্যাম্পাসে প্রবেশের সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে কর্তব্যরত সদস্যরা তাকে থামান। এ সময় তিনি নিজেকে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী হিসেবে পরিচয় দেন এবং একটি আইডি কার্ড প্রদর্শন করেন। তবে যাচাই-বাছাইয়ের এক পর্যায়ে সেটি ভুয়া বলে প্রমাণিত হয়।
পরে তাকে প্রক্টর কার্যালয়ে নিয়ে যাওয়া হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ভুয়া পরিচয় ব্যবহারের বিষয়টি স্বীকার করেন। জানা যায়, মূলত মোটরসাইকেল নিয়ে সহজে ক্যাম্পাসে প্রবেশের উদ্দেশ্যেই তিনি এই কৌশল অবলম্বন করেছিলেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হোসেন শহীদ সরওয়ার্দী জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে নিরাপত্তা বিভাগের এক কর্মকর্তা বলেন, বহিরাগতদের অবাধ প্রবেশ ঠেকাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আগের চেয়ে বেশি সতর্ক অবস্থানে রয়েছে এবং নিয়মিত তল্লাশি জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময়ে ভুয়া পরিচয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করে কয়েকজন আটক হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *