চট্টগ্রামে চোলাই মদের কারখানায় অভিযান: ৫১০ লিটার মদসহ গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় অবৈধ চোলাই মদের কারখানায় অভিযান চালিয়ে ৫১০ লিটার দেশীয় তৈরি চোরাইমদসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত প্রায় ১০টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানার একটি টিম এসআই শাহনেওয়াজের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে। অভিযানটি চালানো হয় দক্ষিণ মোহরা এলাকায় সংলগ্ন একটি ভবনের নিচতলায়।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে রিপন চাকমা (২৬), বিপ্লব চাকমা (২৬), টুনি চাকমা (৩৯), কৌশল বিকাশ চাকমা (২৮), বাবুধন চাকমা (২৭) ও রেবিকা চাকমা (২৬) নামে ৬ জনকে গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের থেকে ৫১০ লিটার চোলাই মদসহ প্রায় ১০০০ লিটার পানি মিশ্রিত গাঁজনকৃত শর্করা জাতীয় তরল পদার্থ এবং মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে ছিল পাইপ সংযুক্ত পাতিল, বড় কড়াই ও চোরাইমদ সংরক্ষণের জন্য ব্যবহৃত প্লাস্টিকের প্যাকেট।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেপ্তারকৃতরা পার্বত্য জেলা থেকে উপকরণ সংগ্রহ করে ভাড়া বাসায় চোরাইমদের কারখানা তৈরি করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মদ উৎপাদন এবং নগরীর বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছে।
এ ঘটনায় চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়।
পুলিশ জানায়, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *