নিজস্ব প্রতিবেদক
বাংলা নববর্ষকে ঘিরে চট্টগ্রামে উৎসব আয়োজনকে আরও সুশৃঙ্খল ও অংশগ্রহণমূলক করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এবং স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলোর সহযোগিতায় আয়োজিত এই সভায় নববর্ষ উদযাপনের নানা দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন আব্দুল সাংস্কৃতিক সংগঠক মান্নান রানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মামুনুর রশিদ শিপন। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
আলোচনায় বক্তারা বলেন, নববর্ষ শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির প্রতীক। তাই আয়োজন হতে হবে নিরাপদ, সবার জন্য উন্মুক্ত এবং প্রাণবন্ত। নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অনুষ্ঠান আয়োজনে সমন্বয়, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, এবং সাংস্কৃতিক পরিবেশনা মানসম্মত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত সংস্কৃতিকর্মীরা জানান, এ বছরের আয়োজনকে আরও আকর্ষণীয় করতে গান, নৃত্য, আবৃত্তি ও লোকজ সংস্কৃতির সমন্বয়ে বৈচিত্র্যময় অনুষ্ঠানমালা সাজানো হবে। একই সঙ্গে তরুণ প্রজন্মের সম্পৃক্ততা বাড়ানোর দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় এবারের বাংলা নববর্ষ উদযাপন চট্টগ্রামে উৎসবমুখর ও স্মরণীয় হয়ে উঠবে।