পতেঙ্গায় ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, ৯ কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকা থেকে প্রায় ১৫ কোটি টাকা মূল্যের ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যা পিড একশন ব্যাটালিয়ন (র্যা ব)-৭, চট্টগ্রাম। এ সময় মাদক পরিবহনের সঙ্গে জড়িত ৯ জনকে আটক করা হয়।

র্যা ব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে একটি ফিশিং বোটে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম নগরীর পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকায় আনা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৯টা দিকে র্যা বের একটি আভিযানিক দল ওই এলাকায় অবস্থান নেয়।

র্যা বের উপস্থিতি টের পেয়ে ট্রলার থেকে কয়েকজন পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করা হয়। পরে ট্রলারটি তল্লাশি করে ইঞ্জিন রুমের বাম পাশে থাকা তিনটি প্লাস্টিকের বস্তার ভেতর লুকানো অবস্থায় ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা বলে জানায় র্যা ব।
আটক ব্যক্তিরা হলেন, সৈয়দ আলম (৪৫), রোহিঙ্গা, সুলতান আহম্মদ (৫৫), রোহিঙ্গা, মো. ইউসুফ (৪৫), রোহিঙ্গা, মো. কাসিম (৩০), রোহিঙ্গা, মো. ইসমাইল (৪০), রোহিঙ্গা, শাহ আলম (৩৫), মহেশখালী, আজম উল্লাহ (৫৭), টেকনাফ, মো. ফারুক (২৫), টেকনাফ, ছানাউল্লাহ (৫৭), টেকনাফ
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার সীমান্ত এলাকা থেকে স্বল্পমূল্যে ইয়াবা সংগ্রহ করে ফিশিং বোটের মাধ্যমে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় উচ্চমূল্যে বিক্রি করে আসছিল।

এ ঘটনায় আটক আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব-৭।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *