৫ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

নবযাত্রা ডেস্ক

পাঁচ শিক্ষা বোর্ড ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। তিনি ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করে আসছিলেন। আর এত দিন ঢাকা শিক্ষা বোর্ডে চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন খন্দোকার এহসানুল কবিরকে ঢাকা কলেজে সংযুক্ত করা হয়েছে।

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ফারুখে আযম মু. আব্দুস ছালাম। তিনি খুলনার সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের অধ্যক্ষ। রাজশাহী বোর্ডের চেয়ারম্যান হয়েছেন ওই বোর্ডের সচিবের দায়িত্বে থাকা শামীম আরা চৌধুরী। কুমিল্লা শিক্ষা বোর্ডে চেয়ারম্যান হয়েছেন কুমিল্লার দেবীদ্বার সরকারি এস এ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আহসান পারভেজ।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান করা হয়েছে অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমানকে। তিনি কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন।

এ ছাড়া এনসিটিবির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা। হিসাববিজ্ঞানের এই অধ্যাপক চট্টগ্রামের সরকারি কমার্স কলেজের উপাধ্যক্ষ পদে কর্মরত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *