জেএসইউএস-এর সভায় বক্তারা
নবযাত্রা প্রতিবেদক
সামাজিক সৃষ্ট বৈষম্য ও অনাচারের কারণেই নারীর ন্যায্যতা এবং সাম্যতা আজও অনেকখানি পিছিয়ে রয়েছে। লিঙ্গ অসমতা নিরসন, নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনজনিত কারণে নারীদের অসহায়ত্ব থেকে মুক্তি, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও নির্মূল এবং মৌলিক মানবাধিকার-আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সবাইকে যার যার অবস্থান থেকে সরকারের সহযোগী হিসেবে এগিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার দুপুরে যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস)-এর উদ্যোগে বাস্তবায়নরত ‘নাগরিকতা সিভিক এনগেজমেন্ট—পারায়ণ’ প্রকল্পের আওতায় স্থানীয় সাংবাদিকদের সাথে আয়োজিত এক ত্রৈমাসিক মতবিনিময় সভায় বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। সংস্থার কোরবানীগঞ্জ বলুয়ারদীঘির পূর্ব পাড়স্থ জেএসইউএস আরডিটিসি কার্যালয়ে এই ধারণা প্রদান ও তথ্য উপস্থাপন সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট লেখক, সাংবাদিক ও জেএসইউএস-এর সহসভাপতি বিপুল বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় চট্টগ্রামে কর্মরত বিভিন্ন সংবাদপত্রের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় সংস্থার কার্যক্রম এবং প্রকল্পের নানা দিক পর্যালোচনা করে সারগর্ভ মতামত প্রতিফলনের ওপর জোর দেওয়া হয়। সংস্থার পক্ষ থেকে সাংবাদিকদের সুনির্দিষ্ট কার্যক্রমভিত্তিক বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরেন জেএসইউএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীন এবং প্রতিষ্ঠাতা-ব্যবস্থাপনা উপদেষ্টা ও পরিচালক, কবি ও শিশুসাহিত্যিক সাঈদুল আরেফীন।
অনুষ্ঠানের শুরুতে পারায়ণ প্রকল্পের বছরভিত্তিক তথ্য-উপাত্ত ও কার্যক্রম প্রতিবেদন বিশদভাবে তুলে ধরেন প্রকল্পের এরিয়া ম্যানেজার নার্গিস চৌধুরী। এর আগে সংস্থার ‘পরিবর্তন কর্নারে’ উপস্থিত সাংবাদিকদের সামনে নির্যাতিত ও অসহায় নারীদের সুখ-দুঃখের গল্পগাঁথা এবং মাঠ পর্যায়ের তথ্যনির্ভর কেস হিস্ট্রি ও জেন্ডার সংবেদনশীলতার ওপর প্রামাণ্য বিষয়াদি উপস্থাপন করেন কাউন্সিলর কাম ট্রেইনার শান্তা মল্লিক।
সভায় জানানো হয়, চট্টগ্রামের বাঁশখালী থানার ৮টি ইউনিয়ন, পটিয়া ও কর্ণফুলী থানার ১টি করে ইউনিয়ন এবং বাকলিয়া থানার ৩টি ও কোতোয়ালী থানার ২টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ে ‘পারায়ণ’ প্রকল্প চলমান রয়েছে। এই প্রকল্পে নারীদের প্রাধান্য দেওয়ার পাশাপাশি যুব, পুরুষ ও নারীদের একীভূত করা হয়েছে। মিডিয়া ক্যাম্পেইনের অংশ হিসেবে গণমাধ্যমকর্মীদের সাথে বিভিন্ন আন্তঃসংলাপের মাধ্যমে সমাজের সহিংসতা, ইস্যুভিত্তিক নির্যাতন ও অনাচার প্রতিরোধমূলক বিষয়াদি তুলে ধরার প্রয়াস অব্যাহত রাখা হয়েছে।
প্রকল্পের উপস্থাপিত তথ্যের ওপর ভিত্তি করে সমাজে নারী নির্যাতনের মাত্রা কমিয়ে আনতে সাংবাদিকরা তাঁদের বিশ্লেষণধর্মী সুপারিশ, মতামত ও পরামর্শ তুলে ধরেন। বর্তমানে সামাজিক মাধ্যমের অপব্যবহারসহ সমাজের নানা স্তরে সংঘটিত অসংগতি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা উল্লেখ করে বক্তব্য রাখেন বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট আল রাহমান, দৈনিক আজাদী’র সিনিয়র সহ-সম্পাদক জাহেদ মোতালেব, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর সিনিয়র করেসপন্ডেন্ট মিজানুর রহমান এবং দ্য ফিন্যান্সিয়াল পোস্ট-এর স্টাফ রিপোর্টার মনীষা আচার্য প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারী মুক্তি সঙ্গীদলের সভাপতি আরজু বেগম, সদস্য নাসিমা বেগম, জেএসইউএস-এর প্রোগ্রাম অফিসার (এসডিপি) মো. রুবেল, প্রকল্পের সোশ্যাল ওয়ার্কার সেহেলী সুলতানা, ফিল্ড অফিসার রুম্পা বণিক ও শাহীনূর আক্তার প্রমুখ।
সভাপতির বক্তব্যে বিপুল বড়ুয়া জেএসইউএস-এর কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে মাঠ পর্যায় থেকে উঠে আসা তথ্যের ভিত্তিতে আগামীদিনে প্রকাশনার মাধ্যমে নারী নির্যাতনের সচিত্র প্রতিবেদন উপস্থাপনের আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
মুন্নি