এবারের বাজেট মানুষের জন্য

নবযাত্রা ডেস্ক

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সবার জন্য এই বাজেট। এবারের জাতীয় বাজেটে দেশের প্রতিটি মানুষকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়েছে। সমাজের কোনো শ্রেণি, পেশা, ধর্ম বা গোষ্ঠীকে বাজেটের আওতার বাইরে রাখা হয়নি। সম্পদের সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতার মধ্যে দেশের প্রতিটি মানুষকে বাজেটের আওতায় আনা হয়েছে। গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনের সূচনা বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ‘সবার জন্য ‘ইনক্লুসিভ’ বাজেট করতে হয়েছে। গত দেড় দশক আমাদের অর্থনীতি ছিল পৃষ্ঠপোষকতার অর্থনীতি। কিছু মানুষের অর্থনীতি। নির্দিষ্ট কিছু মানুষকে, একটি গোষ্ঠীকে সুবিধা দেয়া হয়েছে। কিন্তু আমরা আমাদের অর্থনীতির ভাবনায় সবার অংশগ্রহণ নিশ্চিত করতে চাই। সেই ভাবনা থেকে সীমিত সম্পদের মধ্যে সবার জন্যই এই বাজেট দেয়া হয়েছে।

আমীর খসরু বলেন, এবারের বাজেটের মূল দর্শন হচ্ছে অর্থনীতিকে গণতান্ত্রিক করা এবং উন্নয়নের মূলধারার বাইরে থাকা মানুষদের রাষ্ট্রীয় পরিকল্পনার আওতায় নিয়ে আসা।

অর্থমন্ত্রী আরও বলেন, জুলাই-আগস্টের গণ-আন্দোলন এবং দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পর দেশের মানুষ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সরকার পেয়েছে। এবারের বাজেটের প্রেক্ষাপট অন্যান্য সময়ের তুলনায় ভিন্ন। দীর্ঘদিন ধরে দেশের মানুষ এমন একটি বাজেট থেকে বঞ্চিত ছিল, যেখানে তাদের প্রত্যাশা ও আকাক্সক্ষার প্রতিফলন ঘটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *