নবযাত্রা ডেস্ক
বর্তমানে ইউরোপ সফরে আছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চার দিনের এই সফরের প্রথম দিন বেলজিয়ামের ব্রাসেলসে যান তিনি। সেখানে বৃহস্পতিবার ইউরোপীয় কাউন্সিল নেতাদের সঙ্গে বৈঠক করেন বাইডেন। আলোচনা করেন ইউক্রেনে চলমান রাশিয়ার সামরিক অভিযান নিয়ে।
সেখান থেকে পোল্যান্ডে উড়াল দেন জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আজ শুক্রবার পোল্যান্ডের জেসোভ শহর সফর করবেন। শহরটির অবস্থান ইউক্রেন সীমান্তের কাছে। হোয়াইট হাউসের এক বিবৃতির বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী এয়ার ফোর্স ওয়ানের বিমান দিয়ে সরাসরি সেখানে গিয়ে নামবেন বাইডেন। কথা বলতে পারেন শরণার্থীদের সঙ্গে।
এছাড়াও সেখানে মার্কিন বিমানবাহিনীর ইউএস-৮ সদস্যদের সঙ্গে দেখা করবেন তিনি।
তিনি ইউক্রেনের ভয়াবহ মানবিক পরিস্থিতি নিয়েও ব্রিফিং করবেন। ২০ লাখের বেশি উদ্বাস্তু পোল্যান্ডে পালিয়ে গেছে- তাদের মধ্যে প্রায় তিন লাখ মানুষ পোল্যান্ডের রাজধানী ওয়ারশোতে পাড়ি জমিয়েছেন।
চলমান পরিস্থিতিতে ইউক্রেনের প্রতি পশ্চিমা বিশ্বের সমর্থন জানানোর অংশ হিসেবে জরুরি ভিত্তিতে ইউরোপ সফর শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইতিমধ্যে ব্রাসেলসে ন্যাটোসহ কয়েকটি বৈঠকে যোগ দিয়েছেন তিনি। এবার সফরের দ্বিতীয় ধাপে শুক্রবার পোল্যান্ডে যাচ্ছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে বাইডেনের সফর সম্পর্কে জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরবর্তী জোসোভ শহরে বাইডেনকে স্বাগত জানাবেন পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা।
হোয়াইট হাউসের বিবৃতিতে আরও বলা হয়, রাশিয়ার গোলা হামলা থেকে বাঁচতে পোল্যান্ডে আশ্রয় নেওয়া লাখো ইউক্রেনীয় নাগরিককে পোলিশ সরকার কীভাবে সামাল দিচ্ছে, সে ব্যাপারেও শুনবেন বাইডেন।
সফরে পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গেও বৈঠক করবেন বাইডেন।
উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে শুক্রবার ৩০তম দিনে গড়িয়েছে রুশ অভিযান। বিগত ২৯ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।