নবযাত্রা প্রতিবেদক
‘সবার সহযোগিতায় বির্জাখাল পাবে প্রাণ’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে আজ সকালে বাকলিয়ার ইছহাকের পুল এলাকায় বির্জাখাল খনন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, “চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সকল রাজনৈতিক দল ও জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। এই উদ্যোগের জন্য আমি জামায়াতে ইসলামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর আমীর আলহাজ্ব শাহজাহান চৌধুরী। তিনি বলেন, “হিংসা-বিদ্বেষ ভুলে আমরা মানুষের জন্য কাজ করতে চাই। আমাদের কিছু বাজার ও স্কুল পরিচর্যার দায়িত্ব দিন, আমরা উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করব।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চউকের চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ তৌহিদুল ইসলামসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
গণসমাবেশ শেষে মেয়র ডা. শাহাদাত হোসেন এবং জামায়াত নেতারা যৌথভাবে খাল খনন কার্যক্রম উদ্বোধন করেন। এতে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দেয় এবং অনেকেই জামায়াতের এই সামাজিক উদ্যোগের প্রশংসা করেন।