দুর্বল হয়ে আসছে ঘূর্নিঝড় অশনি ‘অশনি’র প্রভাবে সারাদেশে আগামী ৩ দিন অতিভারী বৃষ্টির আভাস

নবযাত্রা প্রতিবেদক

সাগরেই বিলীন হবে ঘূর্ণিঝড় অশনি। দুর্বল হয়ে আসছে ঝড়টি। আজ বুধবার দেশের উপকূলীয় তিন বিভাগ (চট্টগ্রাম ও খুলনা, বরিশাল) অতিভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। উপকূলীয় এই তিন বিভাগে আগামী তিনদিন ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এছাড়া সারাদেশেও ঘূর্ণিঝড় ‘অশনি’এর প্রভাবে আগামী তিনদিন অব্যাহত থাকতে পারে বৃষ্টি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় অশনির অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি মঙ্গলবার চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ১৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার ৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

ঘূর্ণিঝরের প্রভাবে বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী (২৩ থেকে ৪৩ মিলিমিটার) থেকে অতিভারী (৮৯ মিলিমিটার বা এর বেশি) বর্ষণ হতে পারে। এদিকে গতকাল মঙ্গলবার ২৪ ঘণ্টায় চট্টগ্রামে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ২ মি.মি।

আবহাওয়া দপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। একই সঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

গতকাল চট্টগ্রামের তাপমাত্রা ছিল: গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সে. এবং সর্বনি¤œ তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সে.।

আজকের সূর্যোদয় ও সূর্যাস্ত : আজকের সূর্যোদয় ভোর ৫টা ১৫ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে।

জোয়ার-ভাটা: কর্ণফুলী নদীতে প্রথম জোয়ার শুরু হয় রাত ৩টা ১৩ মিনিটে এবং প্রথম ভাটা শুরু হবে আজ সকাল ৯টা ২৭ মিনিটে। দ্বিতীয় জোয়ার শুরু হবে বিকেল ৩টা ৪০ মিনিটে এবং দ্বিতীয় ভাটা শুরু হবে রাত ৯টা ৪০ মিনিটে। এছাড়া চট্টগ্রাম নদী বন্দরের জন্য এক নম্বর নৌ সতর্কতা সংকেত দেখে যেতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *