নিজস্ব প্রতিবেদক
সমাজ থেকে দুর্নীতি প্রতিরোধে নারী উদ্যোক্তারা বিশেষ ভূমিকা রাখতে পারে। নারীরা উদ্যোক্তা হওয়ার পাশাপাশি সংসারে মায়ের ভূমিকা পালন করে। একজন মা চাইলেই তার পুরো সংসার থেকে দুর্নীতি প্রতিরোধে কাজ করতে পারে। গতকাল বিকেলে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সেমিনার হলে ‘দুর্নীতি প্রতিরোধে নারী উদ্যোক্তাদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে দুর্নীতি দমন কমিশন চট্টগ্রামের বিভাগীয় পরিচালক মো. মাহমুদ হাসান এ কথা বলেন।
তিনি আরো বলেন, নারী শব্দটি আসলে একটি আবেগের নাম। একজন নারী জন্মের পরে কন্যা এবং পরে জননী। পরিবারে নারীদের গুরুত্ব অপরিসীম। বর্তমানে নারীরা সাহসিকতার সাথে কাজ করে বিভিন্ন সামাজিক প্রতিবন্ধকতা ভেঙ্গে দিয়ে আজ সফল উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রমাণ করছেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক নাজমুচ্ছায়াদাত। তিনি তার উপস্থাপনায় সমাজের দুর্নীতি প্রতিরোধে নারী উদ্যোক্তাদের ভূমিকার নানান বিষয়বস্তু তুলে ধরতে গিয়ে বলেন, দুদক যেখানেই কোন অনিয়মের অভিযোগ পেয়েছে, সেখানেই প্রতিরোধ ও প্রতিকারের পদক্ষেপ গ্রহন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স গ্রহন করেছেন। আপনারাও যেখানে দুর্নীতি দেখবেন, সেখানে সাথে সাথে দুদকের হট লাইন নাম্বার ১০৬-এ জানানোর চেষ্টা করবেন। আমরা নির্দেশিত হয়ে প্রতিকারের উদ্যোগ গ্রহন করবো। এক্ষেত্রে ভূক্তভোগীদের পরিচয় গোপন রাখা হবে।
উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ সিরাজুল ইসলাম কমু, উইম্যান চেম্বারের প্রাক্তন সিনিয়র ভাইস- প্রেসিডেন্ট ও চট্টগ্রাম লেসিড ক্লাবের সভাপতি খালেদা এ আউয়াল, উইম্যান চেম্বারের সিনিয়র ভাইস- প্রেসিডেন্ট আবিদা মোস্তফা
অতিথিরা বলেন, পরিবারে এক উপার্যনক্ষম নারী যতটা শক্তিশালীভাবে মতামত দিতে পারে, একজন সাধারণ গৃহবধু তা পারেন না। নারীর ক্ষমতায়ন ও উদ্যোক্তা নারীর উন্নয়ন হলে পরিবারে সঠিক সিদ্ধান্ত প্রদানের মাধ্যমে তারা দুর্নীতি হ্রাসে অবদান রাখতে পারবেন। ভ্যাট-ট্যাক্স ও ট্রেড লাইসেন্স গ্রহনের ক্ষেত্রে দুর্নীতি এখন স্বাভাবিক বিষয় হয়ে দাড়িয়েছে। এগুলো প্রতিরোধ ও প্রতিকার করতে হবে।
চিটাগাং উইম্যান চেম্বারের প্রেসিডেন্ট ও চট্টগ্রাম মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ি উইম্যান চেম্বারের ভাইস- প্রেসিডেন্ট নিশাত ইমরান, সীমা খাতুন, শামীম মোর্শেদ, লুৎমিলা ফরিদসহ পরিচালকমন্ডলী ও সদস্যবৃন্দ।