নবযাত্রা ডেস্ক
দেশজুড়ে আজ পালিত হচ্ছে জাতীয় ভ্যাট দিবস। ‘সময়মতো নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব’ স্লোগানকে সামনে রেখে এ দিবস উদযাপিত হচ্ছে।
দিবসটিকে কেন্দ্র করে ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত রাজধানীসহ বিভিন্ন বিভাগীয় শহরে বিশেষ ভ্যাট সপ্তাহের আয়োজন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
দিবস উপলক্ষে ঢাকার আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ বিষয়ক উপদেষ্টা ড. সালেহউদ্দীন আহমেদ। ভ্যাট ব্যবস্থা উন্নয়ন ও স্বচ্ছতা বৃদ্ধির নানা দিক সেখানে আলোচিত হবে।
এনবিআর সূত্র জানায়, ১০ ডিসেম্বর থেকে মাসের শেষ দিন পর্যন্ত দেশব্যাপী ভ্যাট নিবন্ধন উৎসব চলবে। চলতি বছর কমপক্ষে এক লাখ নতুন ব্যবসায়ীকে ভ্যাট ব্যবস্থার আওতায় আনার লক্ষ্য ঠিক করেছে সংস্থাটি।
এনবিআরের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান সম্প্রতি এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, আমদানি নির্ভরতার কারণে রাজস্ব বোঝা সাধারণ মানুষের ওপর পড়ে। এ চাপ কমাতে দেশীয় ভ্যাট ও আয়কর ব্যবস্থাকে শক্তিশালী করতে কাজ করছে এনবিআর।
তিনি আরও জানান, ভ্যাট আইন সহজ করতে ‘সিঙ্গেল রেট’ চালুর বিষয়ে আলোচনা চলছে।
পাশাপাশি পুরো ভ্যাট ব্যবস্থাকে অটোমেশন করার মাধ্যমে কর আদায় আরও সুসংগঠিত করা সম্ভব হবে।
গত অর্থবছরে মোট রাজস্বের ৩৮ শতাংশ এসেছে ভ্যাট থেকে। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসেই ভ্যাট সংগ্রহ বেড়েছে প্রায় ২২ শতাংশ। অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে এ প্রবৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অনলাইন নিবন্ধন, ই-রিটার্ন, ই-পেমেন্ট, ই-রিফান্ড ও স্মার্ট চালান—এসব ডিজিটাল সেবার মাধ্যমে ভ্যাট ব্যবস্থাকে আরও স্বচ্ছ করা হচ্ছে। কর ফাঁকি কমানো ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর প্রদানে উৎসাহিত করতে নিয়ন্ত্রক সংস্থাটি নানামুখী সচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এনবিআর বলছে, শক্তিশালী ও আধুনিক ভ্যাট ব্যবস্থাই দেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও টেকসই করে তুলতে সক্ষম হবে।