ইদানিং আমার কোনো কষ্ট হয় না
কেন জানো ?
বুকের ভেতর কষ্ট ছাড়া আর কারো
জায়গা নেই বলে
কষ্টগুলো আমার ভীষণ আপন হয়ে গেছে
তাই কোনো কষ্ট হয় না আলাদা করে ;
কষ্টগুলো আমাকে ছেড়ে এক মুহুর্তের
জন্য অন্য কোথাও যায় না
রাত দিন কখনো কষ্টগুলো একটি বার
ভুলে থাকতে পারে না আমাকে ,
ইদানিং আমার কষ্ট হয়না
কেন জানো
কষ্টগুলো প্রতিদিন জীবনের এক একটা
মুহুর্তের স্মৃতিময় কাব্য হয়ে ওঠে
রাতভর আমাকে ঘুমোতে
দেয় না কষ্টগুলো
জাগিয়ে রাখে নৈশ প্রহরীর মতো ;
খুব যতনে আমার সব হারানো স্মৃতি
ঘুরে ফিরে চোখের সামনে তুলে ধরে
আমার আলাদা করে কোনো কষ্ট হয় না ;
আমি যেখানেই যাই কষ্টগুলো ছায়ার মতো
আমার পিছু পিছু হাঁটে
আমি চোখ মুঁদলে কষ্টগুলো আমার
চোখে ছুটোছুটি করে দুষ্টু খোকার মতো
আমি আদর না করে পারিনে ,
কষ্টগুলো সব সময় বুকের ভেতর চিনচিন
করে , তাতে আমি ভালো করেই বুঝতে পারি
আমি দিব্যি বেঁচে আছি , মরিনি এখনো ;
নইলে বুঝতেই পারতাম না আমি আদৌ
বেঁচে আছি না মরে গেছি ,
কষ্টগুলো দিনে রাতে রসদ জুগিয়ে
আমাকে বাঁচতে শেখাচ্ছে বলেই
আমার কোনো কষ্ট হয় না।
তারিখঃ ২৫/০২/২০২৩ ইং