নবযাত্রা ডেস্ক
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ সম্পাদক ওয়ালি আসিফ ইনানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার দুপুর সোয়া ১২টায় এ রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল। প্যানেলের অন্য দুই সদস্য হলেন, বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
মৃত্যুদণ্ড পাওয়া অন্য আসামিরা হলেন— আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ও ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।
পাশাপাশি শীর্ষ পাঁচ আসামির অর্জিত স্থাবর-অস্থাবর সম্পত্তির অর্ধেক বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন।
দণ্ডপ্রাপ্ত আসামি ওবায়দুল কাদের, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ এবং মাইনুল হোসেন খান নিখিলের যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তির ৫০ শতাংশ বাজেয়াপ্ত করা হবে।
বাজেয়াপ্ত সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ ‘জুলাই ফাউন্ডেশন’ বা সমজাতীয় বিধিবদ্ধ প্রতিষ্ঠানের মাধ্যমে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তি বা তাদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে প্রদান করতে বলা হয়েছে।
The International (Crimes) Tribunal Act, 1973-এর সংশ্লিষ্ট ধারায় আদালত আসামিদের বিরুদ্ধে আনীত বিভিন্ন অভিযোগের ওপর এই দণ্ডাদেশ প্রদান করে।
অভিযোগে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এসব নেতাদের নিয়ন্ত্রণাধীন আইন-শৃঙ্খলা বাহিনী এবং দলটির অন্যান্য অঙ্গ-সংগঠনের সশস্ত্র সন্ত্রাসী বাহিনী কর্তৃক ব্যাপক মাত্রায়, পদ্ধতিগতভাবে নিরীহ-নিরস্ত্র ছাত্র-জনতার ওপর আক্রমণ করে তাদের হত্যা ও নির্যাতনের অপরাধ সংঘটন করেন। যা আসামিদের নির্দেশ, উস্কানি, প্ররোচনা, সহায়তায়, সম্পৃক্ততায় ও জ্ঞাতসারে সংঘটিত হয়েছে।
আসামিদের দণ্ডাদেশের বিবরণ:
ওবায়দুল কাদের:
১, ৩ ও ৪ নম্বর অভিযোগে পৃথকভাবে মৃত্যুদণ্ড। ২ নম্বর অভিযোগে আমৃত্যু কারাদণ্ড।
আ ফ ম বাহাউদ্দিন নাছিম:
২ নম্বর অভিযোগ থেকে খালাস। ১ নম্বর অভিযোগে আমৃত্যু কারাদণ্ড।
৩ ও ৪ নম্বর অভিযোগ একত্রে বিবেচনা করে মৃত্যুদণ্ড।
মোহাম্মদ আলী আরাফাত:
৩ নম্বর অভিযোগ থেকে খালাস। ১ ও ৪ নম্বর অভিযোগ একত্রে বিবেচনা করে মৃত্যুদণ্ড। ২ নম্বর অভিযোগে আমৃত্যু কারাদণ্ড।
শেখ ফজলে শামস পরশ:
১ নম্বর অভিযোগ থেকে খালাস। ২ নম্বর অভিযোগে আমৃত্যু কারাদণ্ড। ৩ ও ৪ নম্বর অভিযোগে পৃথকভাবে মৃত্যুদণ্ড।
মো. মাইনুল হোসেন খান নিখিল:
১ নম্বর অভিযোগে আমৃত্যু কারাদণ্ড। ২, ৩ ও ৪ নম্বর অভিযোগে পৃথকভাবে মৃত্যুদণ্ড।
মো. সাদ্দাম হোসেন:
১ ও ২ নম্বর অভিযোগে পৃথকভাবে আমৃত্যু কারাদণ্ড। ৩ ও ৪ নম্বর অভিযোগ একত্রে বিবেচনা করে মৃত্যুদণ্ড।
শেখ ওয়ালী আসিফ ইনান:
১ ও ২ নম্বর অভিযোগে পৃথকভাবে আমৃত্যু কারাদণ্ড। ৩ ও ৪ নম্বর অভিযোগ একত্রে বিবেচনা করে মৃত্যুদণ্ড।