মানবতাবিরোধী অপরাধ মাইনুল হোসেন খান নিখিলের মৃত্যুদণ্ড

নবযাত্রা ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার দুপুর সোয়া ১২টায় এ রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল। প্যানেলের অন্য দুই সদস্য হলেন, বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড পাওয়া অন্য আসামিরা হলেন— আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।

পাশাপাশি শীর্ষ পাঁচ আসামির অর্জিত স্থাবর-অস্থাবর সম্পত্তির অর্ধেক বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত আসামি ওবায়দুল কাদের, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ এবং মাইনুল হোসেন খান নিখিলের যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তির ৫০ শতাংশ বাজেয়াপ্ত করা হবে।

বাজেয়াপ্ত সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ ‘জুলাই ফাউন্ডেশন’ বা সমজাতীয় বিধিবদ্ধ প্রতিষ্ঠানের মাধ্যমে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তি বা তাদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে প্রদান করতে বলা হয়েছে।

The International (Crimes) Tribunal
Act, 1973-এর সংশ্লিষ্ট ধারায় আদালত আসামিদের বিরুদ্ধে আনীত বিভিন্ন অভিযোগের ওপর এই দণ্ডাদেশ প্রদান করে।

অভিযোগে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এসব নেতাদের নিয়ন্ত্রণাধীন আইন-শৃঙ্খলা বাহিনী এবং দলটির অন্যান্য অঙ্গ-সংগঠনের সশস্ত্র সন্ত্রাসী বাহিনী কর্তৃক ব্যাপক মাত্রায়, পদ্ধতিগতভাবে নিরীহ-নিরস্ত্র ছাত্র-জনতার ওপর আক্রমণ করে তাদের হত্যা ও নির্যাতনের অপরাধ সংঘটন করেন। যা আসামিদের নির্দেশ, উস্কানি, প্ররোচনা, সহায়তায়, সম্পৃক্ততায় ও জ্ঞাতসারে সংঘটিত হয়েছে।

আসামিদের দণ্ডাদেশের বিবরণ:

ওবায়দুল কাদের:

১, ৩ ও ৪ নম্বর অভিযোগে পৃথকভাবে মৃত্যুদণ্ড। ২ নম্বর অভিযোগে আমৃত্যু কারাদণ্ড।

আ ফ ম বাহাউদ্দিন নাছিম:
২ নম্বর অভিযোগ থেকে খালাস। ১ নম্বর অভিযোগে আমৃত্যু কারাদণ্ড।
৩ ও ৪ নম্বর অভিযোগ একত্রে বিবেচনা করে মৃত্যুদণ্ড।

মোহাম্মদ আলী আরাফাত:
৩ নম্বর অভিযোগ থেকে খালাস। ১ ও ৪ নম্বর অভিযোগ একত্রে বিবেচনা করে মৃত্যুদণ্ড। ২ নম্বর অভিযোগে আমৃত্যু কারাদণ্ড।

শেখ ফজলে শামস পরশ:

১ নম্বর অভিযোগ থেকে খালাস। ২ নম্বর অভিযোগে আমৃত্যু কারাদণ্ড। ৩ ও ৪ নম্বর অভিযোগে পৃথকভাবে মৃত্যুদণ্ড।

মো. মাইনুল হোসেন খান নিখিল:
১ নম্বর অভিযোগে আমৃত্যু কারাদণ্ড। ২, ৩ ও ৪ নম্বর অভিযোগে পৃথকভাবে মৃত্যুদণ্ড।

মো. সাদ্দাম হোসেন:
১ ও ২ নম্বর অভিযোগে পৃথকভাবে আমৃত্যু কারাদণ্ড। ৩ ও ৪ নম্বর অভিযোগ একত্রে বিবেচনা করে মৃত্যুদণ্ড।

শেখ ওয়ালী আসিফ ইনান:
১ ও ২ নম্বর অভিযোগে পৃথকভাবে আমৃত্যু কারাদণ্ড। ৩ ও ৪ নম্বর অভিযোগ একত্রে বিবেচনা করে মৃত্যুদণ্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *