নবযাত্রা ডেস্ক
চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মস্তাননগর এলাকায় রবিবার রাত সাড়ে ১১টার দিকে একটি যাত্রীবাহী বাস কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দিলে ১৫ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মস্তাননগরে একটি পাম্পে জ্বালানি তেলের জন্য লম্বা লাইনের কারণে যানবাহনের ধীরগতি শুরু হয়। এ সময় ফটিকছড়ি থেকে ছেড়ে আসা বাসটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ৩৭ যাত্রীর মধ্যে ১৫ জন আহত হন।
আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তাদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন: এমরান হোসেন (৪৫), আব্দুল রহমান (৬৮), আক্তার হোসেন (১৫), ফরিদ মিয়া (৫০), সাজেদা বেগম (৫৩), তানজিলা সরকার (১৬), মঈনুল হোসেন (৫৫), ফারুক (৩৮), আবুল হোসেন (৪২), ওমর আলী (৬০), কফিল উদ্দিন (৭০), জাহানারা (৪১), হালিম (৪৫) এবং সাহেব আলী (৪৮)। তারা সকলে কুমিল্লার তিতাস এলাকার বাসিন্দা।
বারইয়ারহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জয়নাল আবেদীন তিতাস জানান, চালকের চোখে ঘুম বা অবহেলার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। আমরা স্থানীয় ও পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর হাসান বলেন, রাতে হাসপাতালে আনা ১৫ জনের মধ্যে চার জনকে চমেকে প্রেরণ করা হয়েছে। বাকিদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।