নবযাত্রা ডেস্ক
রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে তারা এ শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ৭টা ৩ মিনিটে প্রথমে প্রেসিডেন্ট বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ৭টা ২২ মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা।
শ্রদ্ধা নিবেদন করে প্রেসিডেন্ট ও প্রধান উপদেষ্টা কিছুসময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। সেনাবাহিনীর একটি চৌকশ দল সশস্ত্র সালাম জানায়।
পরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রধান উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, প্রধান বিচারপতি ও উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
উল্লেখ্য, আজ ১৪ই ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এইদিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল-বদর আল-শামস বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। বুদ্ধিজীবীদের বর্বর হত্যাকাণ্ডের ঠিক দুইদিন পর ১৬ই ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরকারি ও বেসরকারিভাবে নানা কর্মসূচি পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।