নবযাত্রা প্রতিবেদক
পরিচ্ছন্ন, নিরাপদ ও সবুজ চট্টগ্রাম গড়তে শিক্ষার্থীদের সচেতন ভূমিকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। এই শহর শুধু আমার নয়, আমাদের সবার। তাই পরিচ্ছন্নতা ও নাগরিক দায়িত্ব পালনে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।”
বুধবার (২২ মে) নগরীর আহম্মদ চৌধুরী সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজে নতুন একাডেমিক ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াস উদ্দিন আহমদ, চসিক শিক্ষা কর্মকর্তা রাশেদা আক্তার, অধ্যক্ষ এস এম এহাছান উদ্দিন, শায়েস্তা উল্লাহ চৌধুরী, জমির উদ্দিন নাহিদ, অধ্যক্ষ আবু তালেব বেলাল ও রুপালী বড়ুয়াসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
মেয়র আরও বলেন, “স্কুল ভবনের নামফলক আমি ব্যক্তিগত খরচে তৈরি করে দিব এবং নতুন আসবাবপত্র সরবরাহের নির্দেশনা দেওয়া হয়েছে।” তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “প্রযুক্তির এই যুগে সোশ্যাল মিডিয়ার নেতিবাচক দিক থেকে দূরে থাকতে হবে এবং পড়ালেখার পাশাপাশি খেলাধুলাতেও মনোযোগী হতে হবে।”
তিনি জানান, নগরীর ৪১টি ওয়ার্ডেই খেলাধুলার জন্য মাঠ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে ছয়টি মাঠের ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন হয়েছে।
শেষে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে মেয়র বলেন, “আমরা যেখানে-সেখানে ময়লা ফেলবো না, ডাস্টবিন ব্যবহার করবো—এই অভ্যাসই আমাদের একজন সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলবে।”