নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী এবং ভৌগলিক গুরুত্ব বিবেচনায় এবার ৭ মার্চের জয় বাংলা কনসাটের্র জন্য চট্টগ্রামকে বেছে নেয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘জয় বাংলা কনসার্ট ২০২৪’র প্রস্তুতি সভায় শরীয়তপুর ৩ আসনের সাংসদ এবং ইয়ং বাংলা’র কনভেনর নাহিম রাজ্জাক এ কথা বলেন।
তিনি বলেন, বিগত ৭ বছর ধরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ‘জয় বাংলা কনসার্টের’ আয়োজন করা হয় ঢাকার আর্মি স্টেডিয়ামে। এবারই প্রথম ঢাকার বাইরে এ কনসার্টের আয়োজন করা হচ্ছে। তাই সংশ্লিষ্ট সকল দপ্তরের সার্বিক সহযোগিতা কামনা করছি।
জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীন, সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা এবং জেলা প্রশাসন, এনএসআই, ডিজিএফআই, পিডিবি, ওয়াসা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সি আর আই, ইয়ং বাংলা’র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আ জ ম নাসির উদ্দীন বলেন, চট্টগ্রাম থেকে জাতির পিতা ৬ দফা ঘোষণা করেছেন। এই চট্টগ্রাম থেকেই মুক্তিযুদ্ধের ঘোষণা প্রচারিত হয়েছে। জাতির পিতার স্মৃতিধন্য এই চট্টগ্রামে ৭ মার্চের জয় বাংলা কনসার্ট সফলভাবে সম্পন্ন হবে। আমরা সর্বাত্মক সহযোগিত করবো।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, চট্টগ্রামে এ কনসার্ট আয়োজন করার জন্য সি আর আই এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ। কনসার্টে অসংখ্য মানুষের সমাগম হবে। নিরাপত্তা এবং ট্রাফিক ম্যানেজমেন্ট হবে আমাদের মূল চ্যালেঞ্জ। তবে আমরা সকলে মিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের স্মরণে চট্টগ্রামবাসীকে একটি চমৎকার আয়োজন উপহার দেব।